আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। এ নিয়ে নানা গুঞ্জন তৈরি হলেও পদত্যাগের কারণ ব্যাখ্যা করে বিবৃতি দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিসিবি জানিয়েছে, মূলত গত বছরের ডিসেম্বরে আম্পায়ার সৈকতের সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ শেষ হয়। পরে চুক্তির মেয়াদ ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। বর্ধিত মেয়াদ শেষ হওয়ার পর আর চুক্তি নবায়ন করা হয়নি।
বিবৃতিতে বিসিবি বলেছে, শরফুদ্দৌলার সঙ্গে বোর্ডের সম্পর্ক নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন তাদের নজরে এসেছে। এসব প্রতিবেদনের কারণে তার বর্তমান অবস্থান নিয়ে কিছুটা বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।
বিসিবির ব্যাখ্যা অনুযায়ী, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলার দায়িত্ব ক্রমেই বাড়ছে। ফলে বিসিবির হয়ে আগের মতো একই ভূমিকায় কাজ করার সুযোগ তার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণেই পূর্ববর্তী চুক্তির মেয়াদ ২০২৬ সালের এপ্রিলে শেষ হওয়ার পর তা আর বাড়ানো হয়নি।
প্রসঙ্গত, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রচলিত কোনো রীতি নয়। এর অন্যতম কারণ হলো জাতীয় বোর্ডের সময়সূচির চাহিদার সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার ব্যস্ততার মধ্যে ভারসাম্য বজায় রাখার জটিলতা।
তবে শরফুদ্দৌলার প্রাপ্যতা সাপেক্ষে বিসিবি তাকে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজ এবং ঘরোয়া প্রথম শ্রেণি, তালিকা ‘এ’ ও টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনার দায়িত্ব দিতে পারে। সেই বিবেচনায় ২০২৬ সালের এপ্রিলে চুক্তি শেষ হলেও জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে।
এর আগে ২০২৫ সালের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে আম্পায়ার সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয়। সংবাদমাধ্যমে আম্পায়ারদের নিয়ে কথা বলায় তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা ও চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। পরে সেই শাস্তি বাতিল হয়ে যায়।
একজন ক্রিকেটারের শাস্তির ঘটনায় বোর্ডের হস্তক্ষেপ ভালোভাবে নেননি সৈকত—এমন আলোচনা তখন থেকেই ছিল। ওই ঘটনার পর তিনি দেশের ঘরোয়া ক্রিকেটে আর আম্পায়ারিং করবেন না বলেও জানিয়েছিলেন। ফলে এবার তার পদত্যাগের পেছনে সেই ঘটনাটিকে কারণ হিসেবে দেখিয়ে গুঞ্জন ছড়ায়। তবে বিসিবির বিবৃতিতে এমন কোনো কারণের কথা উল্লেখ করা হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









