স্পেনকে বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক রদ্রি এর্নান্দেজকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি চলে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ মুহূর্তে দৌড়ে এসে রিয়ালকে পেছনে ফেলে রদ্রিকে দলে নেওয়ার পথে এগিয়ে গেছে বার্সেলোনা।
৩০ বছর বয়সী রদ্রির প্রতি রিয়াল মাদ্রিদের আগ্রহ ছিল দীর্ঘদিনের। নতুন কোচ জোসে মরিনিওর অধীনে মাঝমাঠ শক্তিশালী করতে চেয়েছিল ক্লাবটি। তবে শেষ মুহূর্তে বার্সেলোনার আগ্রহে বদলে যায় পরিস্থিতি। ম্যানচেস্টার সিটিকে প্রথম চ্যাম্পিয়নস লিগ জেতানো এই মিডফিল্ডার বার্সেলোনায় যোগ দিতে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
কাতালান সংবাদমাধ্যমের দাবি, বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের ফোন কলেই রদ্রি রাজি হয়েছেন। ফ্লিক ক্লাব কর্তৃপক্ষের কাছে একজন অভিজ্ঞ ডিফেন্ডার বা মিডফিল্ডার চেয়েছিলেন।
গেল মৌসুমে বার্সেলোনার রক্ষণে দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি গোল মিসের প্রবণতাও দলটিকে ভুগিয়েছে। তবে মাঝমাঠ নিয়ে খুব বেশি দুশ্চিন্তা ছিল না বার্সার। পরিস্থিতি বদলে যায় নিয়মিত মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংয়ের হাঁটুর গুরুতর চোটে। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে মাঝমাঠে নতুন খেলোয়াড় প্রয়োজন হয়ে পড়ে বার্সার।
এ কারণেই রদ্রির দিকে হাত বাড়িয়েছে কাতালান ক্লাবটি। শোনা যাচ্ছে, ৬ কোটি ইউরোতে রদ্রিকে ছেড়ে দিতে রাজি ম্যানচেস্টার সিটি। তাঁর চুক্তির মেয়াদ রয়েছে আর এক বছর।
সম্প্রতি হাঁটুর একাধিক চোটের পর জুলাইয়ে পিঠে ছোট অস্ত্রোপচার করিয়েছেন রদ্রি। ফলে নতুন মৌসুমের শুরুতে তাঁর ফিট থাকা নিয়ে সংশয় রয়েছে। এরপরও তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা এবং রদ্রিও সম্মতি দিয়েছেন।
ইউরোপীয় দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও বিষয়টি নিশ্চিত করেছেন। এল লারগেরোর বরাত দিয়ে তিনি জানিয়েছেন, রদ্রির এজেন্ট বারকেরো বলেছেন, মাদ্রিদের প্রতি সম্মান দেখিয়ে রদ্রি তাদের জানিয়ে দিয়েছেন যে তিনি বার্সেলোনায় যোগ দিচ্ছেন।
বার্সেলোনা রদ্রির সঙ্গে ব্যক্তিগত চুক্তিতে সম্মত হলেও এখনো ম্যানচেস্টার সিটির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি। আজই সেই প্রস্তাব পাঠানোর সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে রদ্রির বার্সেলোনায় যোগ দেওয়া এখন সময়ের ব্যাপার বলেই জানাচ্ছে ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









