বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে ৯৩টি নিবন্ধিত ক্লাবের মধ্যে নিবন্ধন সনদপত্র প্রদান এবং ফেডারেশনের অফিস কক্ষের উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সম্মানিত নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি জনাব সাইফুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব দিলদার হাসান দিলু।
এতে আরো বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি জনাব এস এম শহিদুল হক ভূঁইয়া ও কোষাধ্যক্ষ- হাবিবুর রহমান সিদ্দিকী রুবেল।
প্রধান অতিথি মো. দৌলতুজ্জামান খান বাংলাদেশে উশু খেলার উন্নয়ন, তৃণমূল পর্যায়ে খেলাটির বিস্তার এবং নিবন্ধিত ক্লাবসমূহের সক্রিয় ভূমিকার প্রশংসা করে বলেন, ‘‘সুশৃঙ্খল ও কার্যকর ক্লাব ব্যবস্থাপনার মাধ্যমে দেশের উশু অঙ্গন আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্য অর্জনের পথ সুগম হবে।’’
সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘‘৯৩টি নিবন্ধিত ক্লাবকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ প্রদান বাংলাদেশ উশু ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’’ তিনি দেশের সকল ক্লাবকে উশু উন্নয়ন ও সম্প্রসারণে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত নিবন্ধিত ক্লাবগুলোর প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদপত্র তুলে দেওয়া হয়। একইসঙ্গে বাংলাদেশ উশু ফেডারেশনের অফিস কক্ষের উদ্বোধন করা হয়। এ সময় ফেডারেশনের কর্মকর্তা, বিভিন্ন জেলা ও ক্লাব প্রতিনিধিবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং উশু অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ উশু ফেডারেশন আশা প্রকাশ করে যে, নিবন্ধিত ক্লাবসমূহের সমন্বিত কার্যক্রম এবং আধুনিক প্রশাসনিক পরিবেশ দেশের উশু খেলার সার্বিক উন্নয়ন, খেলোয়াড় তৈরির ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









