বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানকে ধরে রাখল আইএল টি-টুয়েন্টির দল দুবাই ক্যাপিটালস। টানা দ্বিতীয়বারের মতো ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশের বাঁ-হাতি এই পেসার।
গত বছর আইএল টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো খেলতে নামেন মুস্তাফিজ। ঐ আসরে দুবাইয়ের হয়ে ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেন তিনি। মুস্তাফিজের দুর্দান্ত পারফরমেন্স সত্বেও গত আসরের এলিমিনেটর থেকে বাদ পড়ে দুবাই। ঐ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ডেজার্ট ভাইপার্স।
গত ৮ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বোলারের বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করে দুবাই। সেখানে বোলারের কোন ছবি বা নাম প্রকাশ করেনি ফ্র্যাঞ্চাইজি। ঐ বোলিং অ্যাকশনের ক্যাপশনে দুবাই লিখেছিল, ‘‘ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেওয়া দক্ষিণ এশিয়ার এক বাঁ-হাতি বোলার।’’ এরপর থেকে ঐ ছবির কমেন্টে বাংলাদেশের সমর্থকরা লিখতে থাকেন- এটি বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ।
অবশেষে আজ আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগামী আসরের জন্য দলগুলো ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে দুবাইয়ের স্কোয়াডে মুস্তাফিজের নাম আছে। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের নূর আহমেদের সাথে সরাসরি চুক্তি করেছে দুবাই।
নিলামের আগে অন্য দুই বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে দুই ফ্র্যাঞ্চাইজি শারজাহ ওয়ারিয়র্স ও এমআই এমিরেটস। গত আসরে শারজাহ’র হয়ে তাসকিন ৬ ম্যাচে ৯ উইকেট ও এমআই’র হয়ে সাকিব ১১৫ রান ও ৩ উইকেট শিকার করেছিলেন।
আগামী ১ অক্টোবর দুবাইয়ে আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলাম অনুষ্ঠিত হবে। ৩৪ ম্যাচের এই টুর্নামেন্ট শুরু হবে ২২ নভেম্বর। যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









