মাথায় হেলমেট, চোখে গগলস, গায়ে মাপমতো ট্যাকটিক্যাল ভেস্ট। মাথায় আবার ছোট্ট ক্যামেরা। সব মিলিয়ে যেন ক্ষুদে এক কমান্ডো। অথচ এটি কোনো খেলনা নয়—মেক্সিকোর ন্যাশনাল গার্ডের নতুন সদস্য, ১৩ মাস বয়সী এক চিহুয়াহুয়া। নাম তার কমান্ডো।
উচ্চতা মাত্র ২১ সেন্টিমিটার, ওজন সাত কেজি। আকারে ছোট হলেও দায়িত্বে মোটেই ছোট নয়। কমান্ডোকে অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিকদের সঙ্গে ন্যাশনাল গার্ডের যোগাযোগ আরও মানবিক করে তুলতেও সে হয়ে উঠেছে বাহিনীর এক অভিনব মুখ।
সম্প্রতি মেক্সিকো সিটিতে প্রশিক্ষণের সময় ছোট্ট কমান্ডোকে সিঁড়ি বেয়ে উঠতে, নানা বাধা টপকাতে এবং দ্রুত ছুটে বেড়াতে দেখা যায়। পাশে দাঁড়িয়ে ছিল রোকো—আকারে তার চেয়ে কয়েক গুণ বড়, সম্পূর্ণ প্রশিক্ষিত একটি কর্মী কুকুর। দৃশ্যটি যেন বলে দিচ্ছিল, বাহিনীতে কাজ করার ক্ষেত্রে আকারই সব নয়।
ন্যাশনাল গার্ডের লেফটেন্যান্ট দেবোরা হার্নান্দেজ বলেন, কমান্ডো দুটি প্রচলিত ধারণাকে ভেঙে দিচ্ছে। প্রথমটি হলো—শুধু বড় কুকুরই নিরাপত্তা বাহিনীতে কাজ করতে পারে। দ্বিতীয়টি—সামরিক ধাঁচের একটি বাহিনী সাধারণ মানুষের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে না।
“ইউনিফর্মের আড়ালে আমরাও মানুষ”—কমান্ডোর উপস্থিতি মানুষকে সেই কথাটিই মনে করিয়ে দেয় বলে জানান হার্নান্দেজ।
প্রায় ছয় মাস আগে উত্তর মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্য থেকে কমান্ডোকে দত্তক নেয় ন্যাশনাল গার্ড। তার বয়স্ক মালিকেরা আর তাকে দেখাশোনা করতে পারছিলেন না। রাজ্যের নাম থেকেই তার নাম রাখা হয় কমান্ডো।

এখন নাগরিক অনুষ্ঠান, স্কুলের আয়োজন ও বিভিন্ন জনসম্পৃক্ত কর্মসূচিতেও দেখা যায় তাকে। মেক্সিকোর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজেও অংশ নিয়েছে সে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে তাকে নিয়ে ছড়িয়ে পড়েছে অসংখ্য মিম; তৈরি হয়েছে তার কার্টুন অবয়বও।
মেক্সিকোর ন্যাশনাল গার্ডে প্রায় ৩৫০টি কর্মী কুকুর রয়েছে। তাদের বেশির ভাগই জার্মান শেফার্ড বা ল্যাব্রাডর রিট্রিভারের মতো পরিচিত কর্মক্ষম জাতের। সেই দলে কমান্ডো নিঃসন্দেহে ব্যতিক্রম।
চিহুয়াহুয়াকে সাধারণত বড় সামরিক বা পুলিশি অভিযানের কুকুর হিসেবে ভাবা হয় না। কিন্তু কমান্ডো সেই ধারণাই বদলাতে শুরু করেছে। শরীরটা ছোট, কান দুটো বড়, ব্যক্তিত্ব আরও বড়—আর দায়িত্ব? সেটিই এখন সবচেয়ে বড়।
কমান্ডো তাই শুধু ন্যাশনাল গার্ডের ক্ষুদে সদস্য নয়; নিরাপত্তা বাহিনী আর সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমানোর এক অপ্রত্যাশিত, চারপেয়ে দূতও।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









