লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলের কেরালা সফরকে ঘিরে ব্যাপক প্রচারণা চালানো হলেও পুরো আয়োজনটি ভুয়া ছিল বলে দাবি করেছে ভারতের কেরালার নতুন প্রশাসন। সফরের নামে প্রায় ১২৬ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬২ কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগও উঠেছে।
কেরালা সরকারের ক্রীড়া বিভাগের প্রাথমিক তদন্তে এ অনিয়মের তথ্য উঠে এসেছে। ক্রীড়ামন্ত্রী ও জে জানিশকে দেওয়া বিশেষ সচিব এন প্রশান্তের প্রতিবেদনে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ভিজিল্যান্স বিভাগ ও কেন্দ্রীয় সংস্থার কাছে তদন্তভার দেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনটি কেরালার মুখ্যমন্ত্রীর দপ্তরেও পাঠানো হয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনা দল কেরালায় খেলতে আসার বিষয়টি নিজেরাও জানত না। অথচ তাদের সফরকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক প্রচারণা চালানো হয় এবং বিপুল অঙ্কের স্পন্সর সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল।
আর্জেন্টিনা দলকে ভারতে আনার মূল উদ্যোক্তা হিসেবে ‘রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি’ বা আরবিসির নাম উঠে এসেছে। আয়োজকদের দাবি ছিল, কেরালা সফরের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) আগাম প্রায় ১২৬ কোটি রুপি পরিশোধ করা হয়েছে।
তবে সরকারি তদন্তে এ অর্থ পরিশোধের দাবির পক্ষে কোনো বৈধ নথি পাওয়া যায়নি। এমনকি এএফএর কাছে অর্থ পাঠানো বা সংস্থাটির পক্ষ থেকে অর্থ গ্রহণের স্বীকৃতির কোনো প্রমাণও আরবিসি দেখাতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে মেসি ও আর্জেন্টিনা দলের কেরালা সফরের খবর ছড়িয়ে পড়লে রাজ্যজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়। আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি নিয়ে প্রচারণা চালানো হয়েছিল। এখন সেই বহুল প্রচারিত সফরকে কেন্দ্র করেই বড় ধরনের আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









