ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমের শুরুতেই বড় পরীক্ষায় নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও অ্যাস্টন ভিলা। অস্ট্রিয়ার সালসবুর্গের রেড বুল অ্যারেনায় বুধবার দিবাগত রাতে মুখোমুখি হবে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি ও ইউরোপা লিগের চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা। ম্যাচটি শুরু হবে রাত ১টায়।
সুপার কাপের ফাইনাল ঘিরে পিএসজির অবশ্য নিজেদের প্রস্তুতির ঘাটতি রয়েছে। ফরাসি ক্লাবটির ১৫ জন খেলোয়াড় খেলেছেন সদ্য শেষ হওয়া বিশ্বকাপে। স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন ফাবিয়ান রুইস, আর ফ্রান্সের সেমিফাইনাল দলে ছিলেন পিএসজির পাঁচ ফুটবলার। ফরাসি, স্প্যানিশ ও মরক্কোর খেলোয়াড়েরা ফিরেছেন সোমবার। ব্রাজিল ও পর্তুগালের খেলোয়াড়েরা ফিরেছেন ৩ আগস্ট।
ফলে দল নিয়ে পূর্ণ প্রস্তুতি নেওয়ার সুযোগই পাননি কোচ লুইস এনরিকে। ম্যাচের আগে সেটিই খোলাখুলি স্বীকার করে তিনি বলেন, ‘‘প্রস্তুতির কথা বললে, সার্বিক পরিস্থিতি খুব কঠিন ছিল। আন্তর্জাতিক খেলোয়াড়রা কিছুদিন আগে ফিরেছে। আগামীকাল খুব ভালো মানের ফুটবলের কথা ভাবলে, আসলে এটা কঠিন হবে। আমাদের কিছু খেলোয়াড় বলতে গেলে অনুশীলন করেইনি।’’
অন্যদিকে, অ্যাস্টন ভিলার সংকট আরও গভীর। গত মৌসুমের ইউরোপা লিগজয়ী দলটির গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় চলে গেছেন। ইউরি টিলেমানস যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে, মর্গ্যান রজার্স গেছেন চেলসিতে। ধারে আসা জেডন সানচো ও দগলাস লুইস ফিরে গেছেন, আর লুকা দিনিয়ে এবার যোগ দিয়েছেন পিএসজিতে।
এর সঙ্গে যুক্ত হয়েছে চোটের ধাক্কাও। আমাদু ওনানা ও নতুন আসা জোয়ান মানজাম্বি খেলতে পারবেন না। বিশ্বকাপের পর ছুটিতে থাকা এজরি কন্সা, অলি ওয়াটকিন্স ও এমি মার্তিনেসও ম্যাচটি মিস করবেন। অর্থাৎ গত মৌসুমের সেই ভিলা আর নেই। অথচ গত মে মাসে ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগ জেতা দলটিই এখন ইউরোপের আরেকটি শিরোপার সামনে।
উনাই এমেরির জন্য ম্যাচটি তাই শুধু ট্রফির লড়াই নয়, নতুন করে দল গড়ার পরীক্ষাও।
ইউরোপা লিগে ছয় ফাইনালের পাঁচটিতে জেতা এই কোচ অবশ্য বাস্তবতা মেনেই আশাবাদী হয়ে বলেন, ‘‘চার বছর ধরে আমি অ্যাস্টন ভিলায় আছি। ফুটবলাররা ও আমরা যেভাবে সাড়া দিচ্ছি, তাতে আমি খুশি। ফুটবলারদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা আরও বেশি কিছু চাই। আমরা এখানেই থামছি না।’’
গত মৌসুমের সুপার কাপে নাটকীয় প্রত্যাবর্তন করেছিল পিএসজি। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও ২-২ সমতায় ফেরে তারা। এরপর টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে শিরোপা ঘরে তোলে এনরিকের দল।
এবার প্রতিপক্ষ ভিন্ন, পরিস্থিতিও ভিন্ন। ভিলা হারানোর কিছু না থাকার মানসিকতা নিয়ে মাঠে নামতে পারে, আর পিএসজির সামনে থাকবে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ার চাপ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









