জুলিয়ান আলভারেজ হয়তো ভেবেছিলেন, নিজের ইচ্ছাটা প্রকাশ্যে জানালেই পথ খুলে যাবে। কিন্তু ফুটবলে কোথায় খেলতে চান আর শেষ পর্যন্ত কোথায় খেলবেন—দুটি বিষয় এক নয়। বিশ্বকাপের মাঝখানে আর্জেন্টাইন তারকা স্পষ্ট করে বলেছিলেন, তিনি আতলেতিকো মাদ্রিদ ছাড়তে চান এবং বার্সেলোনায় খেলার স্বপ্ন পূরণ করতে চান। এখন সেই বক্তব্যই তাঁর জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
আলভারেজের বার্তাটা ছিল পরিষ্কার—ক্লাবের সঙ্গে কথা বলেছেন, সবার জন্য ভালো হবে যদি তিনি দল ছাড়েন। কিন্তু হয়তো তিনি হিসাব করেননি, এমন ঘোষণা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ দলবদলের বাজারে একজন খেলোয়াড়ের ইচ্ছাই শেষ কথা নয়। ক্লাবের অবস্থান, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং চুক্তির শর্ত—সবকিছু মিলেই সিদ্ধান্ত হয়।
আতলেতিকো এখন তাকে ছাড়তে রাজি নয়। মাদ্রিদের ক্লাবটির দাবি, প্রায় ২০ কোটি ইউরোর নিচে তারা আলোচনা করবে না। বার্সেলোনার জন্য এই অঙ্ক বাস্তবসম্মত নয়। ফলে আলভারেজ যে পথ বেছে নিতে চেয়েছিলেন, সেটিই এখন প্রায় বন্ধ।
সবচেয়ে বড় সমস্যা অন্য জায়গায়। যদি বার্সেলোনায় যাওয়া না হয়, তাহলে তাকে আবার আতলেতিকোর জার্সি পরেই মাঠে নামতে হবে। আর সেখানে অপেক্ষা করছে সমর্থকদের প্রশ্ন। যে তারকা প্রকাশ্যে চলে যেতে চেয়েছেন, তাঁকে কি তারা সহজে ক্ষমা করবেন?
উত্তরটা সম্ভবত মাঠেই দিতে হবে আলভারেজকে। সমালোচনা, দুয়ো কিংবা ক্ষোভ—সবকিছুর মুখোমুখি হওয়ার মানসিক শক্তি তাঁকে দেখাতে হবে। একটি প্রকাশ্য ক্ষমা চাওয়া হয়তো প্রথম পদক্ষেপ হতে পারে। এরপর দরকার অসাধারণ পারফরম্যান্স।
তবে আরও একটি রাস্তা আছে—অন্য কোনো ক্লাবে যাওয়া, যাতে আতলেতিকো বড় অঙ্কের অর্থ পায় এবং বার্সেলোনা পরের মৌসুমে তাঁকে নিয়ে ফের আলোচনায় বসতে পারে। কিন্তু সেই সমাধানও সহজ নয়।
শেষ পর্যন্ত আলভারেজ নিজের কথার কারণে এমন এক পরিস্থিতিতে আটকে গেছেন, যেখান থেকে বের হওয়ার দায়িত্ব এখন পুরোপুরি তার। বল এখন তার কোর্টে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









