ম্যাচ শুরুর আগে সৌজন্য বিনিময়ের সময় নেইমারের বাড়িয়ে দেওয়া হাত ফিরিয়ে দিলেন ভাস্কো দা গামার মিডফিল্ডার থিয়াগো মেন্দেস।
রবিবার (১৬ আগস্ট) সাও জানুয়ারিওতে ভাস্কো ও সান্তোসের ম্যাচের আগে ঘটে যাওয়া এই ঘটনা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নেইমার হাত বাড়িয়ে দিলেও মেন্দেস তা উপেক্ষা করে চলে যান। পরে দুজন শুধু আনুষ্ঠানিকভাবে নিজেদের দলের পতাকা বিনিময় করেন। ম্যাচটি শেষ হয় সান্তোসের ৩-০ গোলের জয়ে।
দুজনের এই শীতল সম্পর্কের সূত্রপাত ২০২০ সালে। তখন পিএসজির হয়ে খেলতেন নেইমার, আর মেন্দেস ছিলেন লিওঁর খেলোয়াড়। দুই দলের এক ম্যাচে নেইমারের গোড়ালি গুরুতরভাবে মচকে দেওয়ায় লাল কার্ড দেখেছিলেন মেন্দেস পরে অবশ্য তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন।
চলতি বছর ব্রাজিলিয়ান ফুটবলে দুজনের ফের দেখা হওয়ার পরও উত্তেজনা কমেনি। এর আগে এক ম্যাচে ফাউলকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাদানুবাদ ও শারীরিক উত্তেজনা তৈরি হয়েছিল। নেইমার তখন মেন্দেসের আচরণ নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছিলেন।
এবার ম্যাচ শুরুর আগের হ্যান্ডশেক প্রত্যাখ্যান সেই পুরোনো দ্বন্দ্বকে আবারও সামনে নিয়ে এসেছে। মাঠের বাইরে দুই ব্রাজিলিয়ানের এই ঠান্ডা লড়াই যে এখনো শেষ হয়নি, সাম্প্রতিক ঘটনাই তার নতুন প্রমাণ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









