বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়ে জরিমানা গুনেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) পক্ষ থেকে মেসিকে জরিমানা করা হলেও এর পরিমাণ প্রকাশ করা হয়নি।
বৃহস্পতিবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ঘটনাটি ঘটে। একপর্যায়ে কুইন সুলিভানের সঙ্গে মেসির কথা কাটাকাটি হয়। তখন সুলিভানের ঘাড়ের পেছনে মৃদু চড় দেন মেসি।
‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলেও পরিচিত নাম। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রোনান সুলিভান ও ডেকলান সুলিভান লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী দলে খেলেছেন। তাদের বড় ভাই কুইন সুলিভান বর্তমানে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন।
মায়ামি-ফিলাডেলফিয়া ম্যাচে মেসির পাশাপাশি তার ক্লাব সতীর্থ ইয়ান ফ্রেকেও জরিমানা করেছে এমএলএস। ফ্রের ঘটনার সঙ্গেও জড়িয়ে ছিলেন কুইন সুলিভান। পেনাল্টি বক্সে বল নিয়ে ঢোকার সময় পড়ে গেলে ফ্রের সঙ্গে তার জটলা বাধে। একপর্যায়ে ফ্রে সুলিভানের ঘাড় ধরে ফেলেন। পরে উঠে দাঁড়িয়ে ফ্রেকে ট্যাকল করেন সুলিভান।
ম্যাচের শেষ মুহূর্তে বলের বাইরে সংঘর্ষের ঘটনায় মায়ামির ইয়ানিক ব্রাইট ও কাভান সুলিভানকে লাল কার্ড দেখানো হয়। তবে শুক্রবার কাভান সুলিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এমএলএস।
লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে কাভান সুলিভানের শাস্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে ওই ম্যাচেই বাবা হোর্হে মেসির মৃত্যুর পর প্রথম গোল করেন লিওনেল মেসি। একটি গোলের পাশাপাশি সতীর্থকে দিয়ে আরও একটি গোল করান তিনি। তবে তার দল শেষ পর্যন্ত ফিলাডেলফিয়ার বিপক্ষে জয় পায়নি।
এ ছাড়া মিনেসোটা ইউনাইটেডের ডিফেন্ডার অ্যান্থনি মার্কানিচকেও জরিমানা করেছে এমএলএস। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে প্রতিপক্ষের ফাউলের প্রভাব বাড়িয়ে দেখানোর অভিযোগে তাকে এই জরিমানা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









