বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরিসরেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় প্রথমবার অংশ নিয়েই গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।
এশিয়ার ক্রিকেট নিয়ে অনুষ্ঠিত সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে এসিসির সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় পরিবর্তন আনার সিদ্ধান্ত অন্যতম। এতদিন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে এসিসির সভাপতির দায়িত্ব বণ্টন করা হতো। নতুন সিদ্ধান্তে এই তালিকায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও যুক্ত করা হয়েছে।
এর ফলে নির্ধারিত নিয়ম অনুযায়ী ভবিষ্যতে আফগানিস্তান থেকেও এসিসির সভাপতি নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হলো। একই সভায় সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনিকে সর্বসম্মতিক্রমে এসিসির নতুন সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।
২০২৬-২০২৮ মেয়াদের জন্য এসিসির নির্বাহী বোর্ডেও নতুন সদস্য যুক্ত হয়েছেন। কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে তাদের নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশের জন্য সভার সবচেয়ে বড় বিষয় হয়ে উঠেছে তামিমের নতুন দায়িত্ব। বিসিবি সভাপতি হিসেবে এসিসির কোনো সভায় এটাই ছিল তার প্রথম অংশগ্রহণ। প্রথম সভাতেই গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় এশিয়ার ক্রিকেটের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনায় সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে তার।
এসিসির সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি বলেন, এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয়; এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে এক সুতোয় বাঁধার মাধ্যম। সভায় নেওয়া সিদ্ধান্তগুলো ভবিষ্যতে এশিয়ার ক্রিকেটকে আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









