অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে পাওয়া এই ঐতিহাসিক জয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা।
গত ২৩ আগস্ট প্রকাশিত এক অতিরিক্ত গেজেটের মাধ্যমে মন্ত্রিসভার সর্বসম্মত অভিনন্দন প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে জারি করা হয়।
গেজেট সূত্রে জানা গেছে, গত ১৩ থেকে ১৭ আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়কে দেশের ক্রীড়া ইতিহাসের অনন্য ও গৌরবময় মাইলফলক হিসেবে উল্লেখ করেছে সরকার।
এই জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৬৬.৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে আসে বাংলাদেশ।
মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাবে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দলের এই সাফল্য কেবল একটি ম্যাচের জয় নয়। এটি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতি, সক্ষমতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মানসিকতার উজ্জ্বল প্রতিফলন।
মন্ত্রিসভা আশা প্রকাশ করেছে, টাইগারদের এই ঐতিহাসিক সাফল্য দেশের তরুণ ও উদীয়মান প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে। পাশাপাশি বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি আরও শক্তিশালী হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









