সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও ভারতের সেই সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর মধ্যে নতুন করে আলোচনায় এসেছে আগামী বছরের জানুয়ারি। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল।
বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরে নির্ধারিত সিরিজের সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুর দিকে সিরিজ আয়োজনের জন্য একটি উপযুক্ত সময় খুঁজছে।
বিসিসিআইয়ের ওই সূত্র এএনআইকে বলেছে, ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে ভারতের সরকারের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে বিসিবিও আগামী বছরের শুরুর দিকে একটি সময় নির্ধারণের চেষ্টা করছে।
মূল সূচি অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে সফরটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। তবে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই এখনো সফরটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
সম্প্রতি ভারত সিরিজ নিয়ে কথা বলেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানিয়েছিলেন, দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে এবং প্রয়োজনে সিরিজের তারিখ পরিবর্তন হতে পারে।
২০২২ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজও পিছিয়ে দেওয়া হয়।
চলতি বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার পর দুই দেশের ক্রিকেট সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ভারতে না যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়।
তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মনে করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু এখন সেই সূচি নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সিরিজটি শেষ পর্যন্ত জানুয়ারিতে আয়োজন করা হবে কি না, তা নির্ভর করছে দুই দেশের বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনার ওপর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









