পেস বোলিং কোচ শন টেইট গত জুনে বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর জিম্বাবুয়ে সিরিজ ও সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক ক্রিকেটার তালহা জুবায়ের। অস্ট্রেলিয়া সিরিজ শেষেই তার দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল। তবে সেই মেয়াদ আরও বাড়ছে।
বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, আগামী মাসে অনুষ্ঠিতব্য আফগানিস্তান সিরিজেও জাতীয় দলের সঙ্গে থাকছেন তালহা। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও দায়িত্ব পালন করবেন তিনি।
নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরেও দলের সঙ্গে থাকবেন তালহা। অর্থাৎ চলতি বছরজুড়েই জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে তাকে। তবে নতুন করে তার চুক্তির মেয়াদ কতদিনের জন্য বাড়ানো হচ্ছে, তা এখনো জানা যায়নি।
এদিকে জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্বে থাকা আশিক মজুমদারও আপাতত দলের সঙ্গে থাকছেন বলে জানা গেছে।
অন্যদিকে মোহাম্মদ আশরাফুলকে নিয়েও কিছুদিন ধরে গুঞ্জন ছিল। তিনি জাতীয় দলের সঙ্গে আর থাকবেন কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের হারের পর তাকে নিয়ে সমালোচনাও হয়েছিল। তবে সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন আশরাফুলও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর জাতীয় দলে দেশি কোচদের ওপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আস্থা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে জাতীয় দলের কোচিং স্টাফের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন বাংলাদেশি কোচরা।
এ বিষয়ে আশরাফুল বলেন, ‘এই প্রথম লম্বা সময় বাংলাদেশি কোচিং স্টাফ কাজ করছে। আমরা সবাই খুব উপভোগ করছি এবং খেলোয়াড়দের সাহায্য করার চেষ্টা করছি। খুব ভালো একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা হচ্ছে সব জায়গাতেই।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









