জামালপুরের ইসলামপুরে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনির হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের তেঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের রোপা আমন ধানখেতে পানি দিতে সেচপাম্প চালু করতে যান মনির। পাম্পঘরে সুইচ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তাই অপমৃত্যুর মামলা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









