ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে তিনি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। পরে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হাসপাতালের শূন্য পদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন। ২১ অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৯০ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৮৮ জন। এ সময়ে বহির্বিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৯২৫ জনের। উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে ১৫৮ জনকে। হাসপাতালে ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর তথ্য রয়েছে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যসচিব বলেন, দেশের যেসব জেলায় ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়ে পড়েছে, চাঁপাইনবাবগঞ্জ তার অন্যতম। এ জেলার পরিস্থিতি নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা করছে।
তিনি বলেন, পাশের রাজশাহী, নাটোর ও বগুড়ার তুলনায় চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। কেন এ জেলায় সংক্রমণ বেশি হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
স্বাস্থ্যসচিব বলেন, মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং মশার কামড় থেকে সুরক্ষার বিষয়ে মানুষকে সচেতন হতে হবে।
মতবিনিময় সভায় হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকসংকটের বিষয়টি তুলে ধরলে শূন্য পদ পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্যসচিব।
পরিদর্শনকালে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক হানুরুর রশীদ, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









