আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। ফলে আকাশি-সাদা জার্সিতে তার অধ্যায়ের ইতি ঘটেছে বলেই ধরে নিয়েছিলেন ভক্ত-সমর্থকরা। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে ওঠে এসেছে ভিন্ন তথ্য।
ঘরের মাঠে মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে একটি বিশেষ প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই ম্যাচে মেসি আবারও আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামতে পারেন।
আর্জেন্টিনার সাংবাদিক পাবলো গ্রাভেলোনে ও মাক্সিমিলিয়ানো গ্রিয়োর তথ্য অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তাল, কর্দোবা কিংবা রোসারিওতে দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এর মূল উদ্দেশ্য দেশের মাটিতেই ভক্তদের সামনে মেসিকে সম্মানজনক বিদায় জানানো। তবে পুরো আয়োজন এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। এএফএর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাওয়া মেসির ফিটনেস নিয়ে আপাতত শঙ্কা নেই। তবে তিনি শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি তার নিজের ইচ্ছার ওপর নির্ভর করছে।
মেসি রাজি হলে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিতে শেষবারের মতো মাঠে দেখা যেতে পারে বিশ্ব ফুটবলের এই কিংবদন্তিকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









