প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ নারী হকি দল। সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলও দারুণ পারফরম্যান্স করেছে। চীনের হুলুনবুয়ির সিটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ নারী দল।
অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে এশিয়া কাপ থেকে চারটি দল খেলার সুযোগ পাবে। তবে ভারত স্বাগতিক হলে পঞ্চম হয়েও বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে। এমন আশাই করছেন কোচ জাহিদ হোসেন রাজু। তিনি বলেন, ‘এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তা ও অন্য দলের অনেকেই বলছে, আমাদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে পঞ্চম হলে। কিছু দিনের মধ্যে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারব।’
রাজুর কোচিংয়ে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলবে। দেশের নারী হকি নিয়ে কাজ করা বিকেএসপির হকির প্রধান কোচ জুনিয়র দলের সাফল্যে বলেন, ‘আমরা চ্যালেঞ্জার গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। প্রতিদ্বন্দ্বিতা করেছি এলিট গ্রুপের জাপানের সঙ্গে। মেয়েরা আরও প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে জাপানের সঙ্গে ভালো ফলাফল করতে পারত। গতকাল তাদের কাছে হারের পর আজ মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেছে।’
অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে জয়ের মধ্য দিয়ে নিজেদের মিশন শেষ করেছে বাংলাদেশ। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।
তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। এরপর চতুর্থ কোয়ার্টারে ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন কনা। শেষ দিকে এক গোল শোধ করে স্কোরলাইন ১-২ করে মালয়েশিয়া।
পুরো টুর্নামেন্টে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার শক্তিশালী রক্ষণভাগ ভেঙে পাওয়া এই জয় বাংলাদেশের মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য। আজ শনিবার বিকেলে পুরুষ দল সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে লড়বে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









