ভারতের বিপক্ষে ১১৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই সেমিফাইনালে তিনটি দল দেড়শোর বেশি রান করলেও একশোর গণ্ডি পেরোতে পারেনি বাংলাদেশ। তবে বড় রান তাড়া করতে গিয়ে এমন ব্যাটিং বিপর্যয়কে স্বাভাবিক হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘‘ভারতের সঙ্গে আমাদের পার্থক্য অনেক বেশি। তবে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।’’
ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারানো প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘‘এত রানের যখন একটা তাড়া থাকে, তখন এসে এরকম ব্যাটিং বিপর্যয় হয়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমার কাছে মনে হয়, আরেকটু ভালো বোলিং করলে হয়তোবা আরও কিছু কম রান হতো।’’
অবশ্য আগের ম্যাচে একই উইকেটে পাকিস্তানের দেওয়া বড় লক্ষ্য সফলভাবে তাড়া করেছিল শ্রীলঙ্কা। তাই বাংলাদেশের ব্যাটারদের এমন ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। বড় রান তাড়ায় বিপর্যয় স্বাভাবিক বললেও নিজেদের ব্যাটিংকে গ্রহণযোগ্য মনে করছেন না জ্যোতি।
তিনি বলেন, ‘‘একদমই না। দেখেন, যেখানে এত অল্প রানে একটা টিম কলাপস করে, সেখানে আসলে আমরা ব্যাটাররা কোনো দায়িত্বই নিতে পারিনি।’’
এশিয়া কাপের পর টি-টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জ্যোতি। ভারতের বিপক্ষে হারের পর এ প্রসঙ্গেও কথা বলেন তিনি। নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে জ্যোতি বলেন, ‘‘আমার কাছে মনে হয় একজন ব্যাটার এবং একজন ক্রিকেটার হিসেবে দেশকে বা দলকে আরও অনেক কিছু দেওয়ার আছে। তাই আমি সেদিকে একটু মনোযোগ দিতে চাচ্ছি, এজন্যই এই ডিসিশন।’’
অন্যদিকে বড় ব্যবধানে জয়ের পর ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর বলেন, ‘‘আমরা নিজেদের কাছ থেকে যা প্রত্যাশা করছিলাম, তাই পেয়েছি। আশা করছি, আমরা জয়ের ধারা অব্যাহত রাখব।’’
বাংলাদেশের চেয়ে ভারতের নারী দল অনেক এগিয়ে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের ম্যাচ ঘিরে নানা ঘটনা দেখা গেছে। এ বিষয়ে ভারতের অধিনায়ক বলেন, ‘‘বিশেষ কিছু নয়। আমরা কেবল আমাদের সেরা ক্রিকেটটা খেলতে চাই। সামনে কে প্রতিদ্বন্দ্বী, সেটা কোনো বিষয় নয়। আমরা সবসময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









