ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত শুরুর পর দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ বলের রোমাঞ্চে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক সাদিয়া ইসলাম। মাত্র ২২ বলের ইনিংসে গুরুত্বপূর্ণ এই রান করেন তিনি।
তবে বাংলাদেশের শুরুটা ছিল বেশ নড়বড়ে। ইনিংসের দ্বিতীয় ওভারেই মাইমুনা নাহের ৬ বলে ১ রান করে ফেরেন। অচেনা জান্নাত করেন ২৪ বলে ১৬ রান। বিবি আয়েশা রানের খাতাই খুলতে পারেননি।
এরপর অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি মিলে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। ৩৫ বলে ২৬ রান করে নিশি রানআউট হলে ভাঙে তাদের জুটি। পরে সাদিয়া আক্তার ১৮ বলে ১৮, ফারজানা ইয়াসমিন ৭ বলে ৬ এবং কুমারি শ্রীবণী রাণী ৫ বলে ৩ রান করেন।
জয়ের জন্য ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। নেটমি উপেক্ষা ১০ বলে ৪ রান করে ফিরে যান। তবে এরপর দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে নেয় লঙ্কান মেয়েরা।
শ্রীলঙ্কার জয়ে বড় অবদান রাখেন ওপেনার সাঞ্জানা কাভিন্দি। তিনি ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বালাসুরিয়া করেন ২১ রান। এছাড়া মানুদি ১১, মাথসারা ৯, সেওমিনি ১০ ও লিমানসা করেন ২ রান।
শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। শেষ ওভার পর্যন্ত ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা টিকে থাকলেও শেষ বলেই জয় নিশ্চিত করে লঙ্কানরা। ফলে অল্পের জন্য জয় হাতছাড়া হয় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলের।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নিশিতা আক্তার নিশি। তিনি নেন ২ উইকেট। ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম একটি করে উইকেট শিকার করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









