সিলেট নগরের ঐতিহ্যবাহী জালালাবাদ পার্ক প্রায় সাত বছর ধরে বন্ধ। সংস্কার ও সৌন্দর্যবর্ধনের পর পার্কটি ‘জালালাবাদ সিটি পার্ক’ নামে নগরবাসীর জন্য খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
সোমবার (৫ অক্টোবর) দুপুরের দিকে পার্কটি পরিদর্শন করেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি দ্রুত সংস্কারকাজ শুরু করে পার্কটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার নির্দেশ দেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘‘শিশুদের খেলাধুলা ও বয়স্কদের হাঁটাচলার উপযোগী করে পার্কটি সাজানো হবে। সীমানাপ্রাচীরও সংস্কার করা হবে। বর্তমান প্রাচীর ও প্রবেশ ফটকের কারণে বাইরে থেকে পার্কটি বোঝা যায় না। তাই এমনভাবে প্রাচীর সংস্কার করা হবে, যাতে বাইরে থেকেও ভেতরের সৌন্দর্য দেখা যায়।’’
তিনি বলেন, ‘‘নিরাপত্তার জন্য সিসিকের নিজস্ব নিরাপত্তাকর্মী নিয়োগ করা হবে। তারা পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।’’ পার্কটিকে নগরের একটি আকর্ষণীয় স্থান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রশাসক।
সিসিকের তথ্য অনুযায়ী, সাবেক সিলেট পৌরসভা প্রায় ৯৪ শতক জমিতে পার্কটি গড়ে তোলে। অবহেলা ও অরক্ষিত অবস্থার কারণে একসময় এটি অপরাধীদের আড্ডাস্থলে পরিণত হলে তালাবদ্ধ করে দেওয়া হয়। ২০০৫ সালে সেখানে ১৬ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও নাগরিক ও পরিবেশবাদীদের আন্দোলনের মুখে তা বাতিল হয়। ২০১০ সালে সংস্কার করে পার্কটি আবার খুলে দেওয়া হয়েছিল।
২০১৬ সালে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে পার্কটিকে শিশুপার্কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়। তখন ১০ ফুট উঁচু সীমানাপ্রাচীর, প্রবেশফটক ও বিভিন্ন রাইড বসানোর পরিকল্পনা করা হয়। তবে অর্থসংকটে কাজ শেষ হয়নি। এরপর থেকেই পার্কটি কার্যত বন্ধ।
পরিদর্শনের সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









