গাজীপুরের কালীগঞ্জে শালবন সেতুর নিচের ড্রেন থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্যাকেটের গায়ে ‘সুপার স্টোর এলইডি লাইট’ লেখা থাকলেও ভেতরে পাওয়া যায় অস্ত্র।
রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা রাতে নাগরী ইউনিয়নসংলগ্ন পূর্বাচলের ২৮ নম্বর সেক্টরের শালবন সেতুর দক্ষিণ-পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল সিপিসি-৩ এসআরবি-১-এর এসআই মো. শাহনেওয়াজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজনের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিন-চারজন দুটি মোটরসাইকেলে পালিয়ে যায়।
পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে সেতুর নিচের ড্রেনে সাদা পলিথিন ও স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেট খুলে সিএএল ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ‘এপি ৩২ অটো’ লেখা তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পিস্তলের স্লাইডে ‘এল ডব্লিউ সিক্যাম্প’ লেখা রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









