কুষ্টিয়ার মিরপুরে জমি নিয়ে বিরোধ ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মোখলেসুর রহমান (৫০) নামে এক কলেজ শিক্ষককে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার নওদা আজমপুর মোড়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষককে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মোখলেসুর রহমান আজমপুর টেকনিক্যাল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তিনি নওদা আজমপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে স্থানীয় যুবদল কর্মী মিজানের সঙ্গে মোখলেসুরের দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছে। সোমবার কলেজ থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নওদা আজমপুর মোড়ে পৌঁছালে একদল ব্যক্তি তার পথরোধ করে হামলা চালায়। এ সময় রড ও হাতুড়ি দিয়ে তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত শিক্ষক অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে মিজান সম্প্রতি তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তার ওপর হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম শহীদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষককে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









