আগামীকাল অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগ্রেসরা।
এর আগে অস্ট্রেলিয়া মাটিতে কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়া বিশ্ব সেরা দল হলেও সিরিজে ভালো ফলাফল করার লক্ষ্য থাকবে নিগার সুলতানার দলের।
ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এবারের সিরিজ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এই চক্রে এখন পর্যন্ত একটি সিরিজ খেলেছে বাংলাদেশ।
দীর্ঘ ছয় বছর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামবে বাংলাদেশ। তাই এখানকার কন্ডিশন-উইকেট বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সুবিধা হয়েছে বলে জানান সরোয়ার ইমরানের জায়গায় সদ্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়া বারমুডার সাবেক খেলোয়াড় ও কোচ ডেভিড হেম্প।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এক ভিডিও বার্তায় প্রধান কোচ হেম্প বলেন, ‘‘আমরা একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। সেই সাথে এখানকার উইকেটে অনুশীলনও করেছি। এখানে মানিয়ে নেওয়া খেলোয়াড়দের জন্য কিছুটা চ্যালেঞ্জের ছিল। কারণ খেলোয়াড়রা যে ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত, তার চেয়ে এখানকার উইকেটগুলো একটু বেশি গতি ও বাউন্স ছিল।’’
দ্বিপাক্ষিক সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ড নারী দলের কাছে বৃষ্টি আইনে ৭২ রানে হারে বাংলাদেশ। ঐ ম্যাচে বল হাতে হাবিবা ইসলাম ৪টি ও মারুফা আক্তার ২টি উইকেট নেন। ৬৮ রানের ইনিংসে ব্যাটিং অনুশীলন সাড়েন শারমিন আক্তার। এছাড়া সোবহানা মোস্তারি ৪৯ ও শারমিন সুলতানা ২৮ রান করেন।
ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচবার মুখোমুখি হয়ে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। এমনকি টি-টোয়েন্টিতেও ছয়বারের দেখায় কোন জয় পায়নি টাইগ্রেসরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









