আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের অবিচ্ছিন্ন ১১৪ রানের জুটিতে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৩৭ রান তুলেছে টাইগাররা। এতে সব মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৪৪৩ রানে।
দিনের শুরুতে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের দিন ৫ রানে অপরাজিত থাকা লিটন দাস চতুর্থ দিনে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেন। তুলে নেন টানা দ্বিতীয় অর্ধশতক। অন্য প্রান্তে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
এই ইনিংসের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন লিটন। টেস্ট শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেটে তার রান ছিল ৮ হাজার ৯২৯। প্রথম ইনিংসে ৫৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে মাইলফলক থেকে ১৮ রান দূরে ছিলেন তিনি। চতুর্থ দিনের শুরুতে জিয়া উর রহমানের করা ৭৬তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ৯ হাজারি ক্লাবে প্রবেশ করেন লিটন।
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে লিটন ৯৬ বলে ৮১ রান করে অপরাজিত আছেন। তার ইনিংসে রয়েছে ১১টি চার। অন্যদিকে মিরাজ ৭৪ বলে অপরাজিত ৩৮ রান করেছেন। এর আগে তৃতীয় দিনের শেষ দিকে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও আউট হন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত ৮২ এবং মুশফিক ৮১ রান করে সাজঘরে ফেরেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয় আফগানিস্তান। এতে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সেই লিড বেড়ে এখন ৪৪৩ রান। বাংলাদেশের হাতে রয়েছে আরও চার উইকেট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









