আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। দলের এমন ব্যর্থতার পর আত্মসমালোচনা করেছেন ব্যাটার তাওহীদ হৃদয়। তার মতে, বড় সিরিজে ট্রফি জয়ের কথা বলা হলেও মাঠের খেলায় তার প্রতিফলন দেখা যায় না।
বুধবার (২১ অক্টোবর) সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আমরা বড় কোনো সিরিজ, ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে যখন খেলতে যাই, ব্যক্তিগতভাবে এবং দল হিসেবে সবাই ট্রফি জিততে চাই। কিন্তু আমরা শুধু মুখেই বলি, কাজে সেটার প্রতিফলন দেখা যায় না।’
আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১৬০ রানে অলআউট হওয়ার পেছনে কোনো একজন ব্যাটারকে দায়ী করতে চাননি হৃদয়। তিনি বলেন, পুরো ব্যাটিং ইউনিট একসঙ্গে ব্যর্থ হয়েছে। তবে পাইপলাইনে পর্যাপ্ত খেলোয়াড় রয়েছে বলেও মনে করেন তিনি।
বিদেশের মাটিতে ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নিয়েও কথা বলেন হৃদয়। তার মতে, এক-দুটি ম্যাচ বা সিরিজ দিয়ে পুরো দলকে বিচার করা ঠিক নয়। তবে দেশের বাইরে টানা বাজে ব্যাটিংয়ের কারণে দল ভুগছে।
এ ব্যর্থতার মধ্যেও আগামী বছর ঘরের মাঠে অনুষ্ঠেয় এশিয়া কাপ নিয়ে আশাবাদী হৃদয়। তিনি বলেন, দলকে ভালো অবস্থানে নিতে হবে, কারণ এশিয়া কাপ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ। সেখানে ভালো কিছু করার প্রত্যাশা তার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









