বাংলাদেশে ফিরছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে দীর্ঘ আট বছর পর ৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতাটি। সাফ চ্যাম্পিয়নশিপের টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার রাত আটটা থেকে। অনলাইনে টিকিট বিক্রি করবে অনলাইন ইভেন্ট টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাই’।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির সঙ্গে বাফুফে ভবনে সমন্বয় সভা করেছেন সাফের কর্মকর্তারা। সভায় টিকিটের দাম, বিক্রির সময় ও পদ্ধতিসহ বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হয়।
সাফ ফুটবলের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১ হাজার এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা খরচ করতে হবে করপোরেট বক্সের টিকিট কিনতে। তবে এক টিকিটেই দেখা যাবে দিনের দুটি ম্যাচ।
টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচটি শ্রেণিতে। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ১ হাজার টাকা, ক্লাব হাউসের ৪ হাজার, ভিআইপি গ্যালারির ৭ হাজার, এসি বক্সের ৮ হাজার এবং করপোরেট বক্সের টিকিট ১০ হাজার টাকা। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। একটি ডে পাস কিনলেই সেদিনের দুটি ম্যাচ দেখা যাবে। ফাইনালের টিকিটের দাম পরিবর্তন হতে পারে।
সাফে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। ১৭ নভেম্বর ফাইনাল।
বাংলাদেশ সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হয়েছে ২০০৩ সালে ঘরের মাঠেই। এরপর আর শিরোপা জেতা হয়নি। এবার নিজেদের মাঠে দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে দীর্ঘ অপেক্ষা ঘোচানোর লক্ষ্য থাকবে স্বাগতিকদের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









