আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান। ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন ২৮ বছর বয়সী রশিদ। ম্যাচে ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে একটি উইকেট শিকার করেন তিনি। নবম ওভারে জিম্বাবুয়ের উইকেটকিপার ব্যাটার তাদিনওয়ানাশে মারুমানিকে এলবিডব্লিউ করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ২০০তম উইকেট পূর্ণ করেন আফগান এই স্পিনার।
নিজের ১২০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এই মাইলফলকে পৌঁছান রশিদ। এখন পর্যন্ত ১৩.৯৬ গড় এবং ৬.১৩ ইকোনমি রেটে উইকেটগুলো নিয়েছেন তিনি।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদিকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির আসন দখল করেন রশিদ। চলতি বছরের শুরুতে ৭০০ উইকেটের মাইলফলক অতিক্রম করে সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটেও সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি।
জিম্বাবুয়ের মারুমানিকে আউট করার মধ্য দিয়ে এশিয়ার মাটিতে রশিদের উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ১৫০-এ। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতেই তার শিকার ৭৯ উইকেট।
২০১৫ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল রশিদ খানের। এক দশকের ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে এই সংস্করণের অন্যতম সেরা ও ভয়ংকর বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এবার ২০০ উইকেটের ঐতিহাসিক অর্জনে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শ্রেষ্ঠত্বের আরেকটি স্বাক্ষর রাখলেন আফগান তারকা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









