বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পেলেন সংগীতশিল্পী ও ক্রীড়া সংগঠক আসিফ আকবর। তাকে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান করা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি বোর্ড পরিচালনা পর্ষদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।
গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান ছিলেন ইশতিয়াক সাদেক। তিনি পরিচালক পদ থেকে পদত্যাগ করায় শূন্য হওয়া এই দায়িত্ব পান আসিফ। বিসিবি নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লারের কাউন্সিলর হিসেবে নির্বাচন করে পরিচালক হয়েছিলেন ইশতিয়াক।
তবে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তার পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়ায়। ইশতিয়াক নিজে জানান, সময় স্বল্পতার কারণে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছিলেন না বলেই পদত্যাগের সিদ্ধান্ত নেন।
যদিও তার পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকেই বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট কার্যক্রমের দায়িত্বে ছিলেন আসিফ আকবর। নতুন এই দায়িত্ব যুক্ত হওয়ায় এখন গেম ডেভেলপমেন্ট ও বয়সভিত্তিক ক্রিকেট দুই বিভাগই তার তত্ত্বাবধানে পরিচালিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









