পুরো ম্যাচের নিয়ন্ত্রণ যখন ওয়েস্ট ইন্ডিজের হাতে, তখনই ব্যাট হাতে অবিশ্বাস্য প্রতিরোধ গড়লেন তাওহীদ হৃদয়। ১৭২ রানে পিছিয়ে থেকে বাংলাদেশের সাত উইকেট পড়ে যাওয়ার পরও হাল ছাড়েননি তিনি। সাদমান ইসলামের চোটে দলের হাতে ছিল মাত্র দুই উইকেট। এমন কঠিন পরিস্থিতি থেকে দুর্দান্ত ব্যাটিংয়ে শুধু বাংলাদেশকে লিডের সম্ভাবনাই দেখাননি, ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতে।
এর মধ্য দিয়ে বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে টেস্টে দ্বিশতকের কীর্তি গড়লেন ২৫ বছর বয়সী হৃদয়। একই সঙ্গে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দেশের হয়ে অভিষেক সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন মুমিনুল হক। টেস্টে নিজের প্রথম সেঞ্চুরিতে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৮১ রান।
হৃদয়ের আগে বাংলাদেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন তিনজন। এই তালিকায় মুশফিকুর রহিমের নাম রয়েছে তিনবার। অন্যদিকে সাকিব আল হাসান ও তামিম ইকবাল একবার করে দ্বিশতকের দেখা পেয়েছেন। এবার সেই বিশেষ তালিকায় যুক্ত হলেন হৃদয়।
ব্যক্তিগত অর্জনের পাশাপাশি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও নতুন ইতিহাস লিখেছেন এই ডানহাতি ব্যাটার। এই মাঠে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরির মালিক এখন তিনি। এর আগে সিলেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল বাংলাদেশের মাহমুদুল হাসান জয়ের ১৭১ রান এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসের ১৬৪ রান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও নতুন উচ্চতায় পৌঁছেছেন হৃদয়। এর আগে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্টে কোনো বাংলাদেশি ব্যাটার ১৫০ রানের গণ্ডি পেরোতে পারেননি। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ৩০৪ বলে ১৯টি চার ও ৭টি ছক্কায় নিজের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
এই ইনিংসে হৃদয়ের অন্যতম বড় সঙ্গী ছিলেন তাইজুল ইসলাম। অষ্টম উইকেটে দুজন মিলে গড়েন ১১৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে এই জুটি বাংলাদেশকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছে। টেস্টে অষ্টম উইকেটে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি। এই উইকেটে দেশের সর্বোচ্চ ১৪৪ রানের জুটিটি গড়েছিলেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এসেছিল সেই রেকর্ড।
হৃদয়ের ব্যাটে বাংলাদেশের লড়াই নতুন মাত্রা পেলেও প্রথম ইনিংসে এখনো ২৫ রানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাংলাদেশের সামনে এখন একটাই লক্ষ্য—প্রথম ইনিংসে লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









