২০২৬ সালের ব্যালন ডি’অর পুরস্কারের ভোটের ফল আগেই ফাঁস হয়েছিল কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে ফ্রান্সের পুলিশ। পুরস্কারের সেরা পাঁচ খেলোয়াড়ের চূড়ান্ত অবস্থান হুবহু অনুমান করে অনলাইন প্রেডিকশন প্ল্যাটফর্মে প্রায় ২ লাখ ইউরো লাভ করেছে ১২টি অ্যাকাউন্ট। এ ঘটনায় অভ্যন্তরীণ তথ্য ব্যবহার করে বাজি ধরার সন্দেহ তৈরি হয়েছে।
ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ১২টি অ্যাকাউন্ট ২০২৬ সালের ব্যালন ডি’অরের সেরা পাঁচ খেলোয়াড়ের নাম ও তাদের অবস্থান নির্ভুলভাবে অনুমান করেছিল। তালিকায় প্রথমে ছিলেন ইংল্যান্ডের হ্যারি কেইন, দ্বিতীয় ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, তৃতীয় স্পেনের লামিন ইয়ামাল, চতুর্থ রদ্রি এবং পঞ্চম আর্জেন্টিনার লিওনেল মেসি।
প্রতিবেদন অনুযায়ী, এসব অ্যাকাউন্টের বাজি থেকে নিট মুনাফা হয়েছে প্রায় ২ লাখ ইউরো। এই অস্বাভাবিক সাফল্য তদন্তকারীদের সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের ধারণা, অ্যাকাউন্টগুলোর মালিকেরা ফল প্রকাশের আগেই গোপন তথ্য পেয়ে থাকতে পারেন।
পুরস্কার আয়োজক ফ্রান্স ফুটবল বিষয়টি জানার পর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে এবং নিজস্ব তদন্তও শুরু করেছে। তদন্তে সহায়তা করছে ফরাসি পুলিশের বিশেষায়িত ইউনিট। ভোটের ফলসংক্রান্ত অভ্যন্তরীণ তথ্যের অপব্যবহার হয়েছিল কি না, সেটিই খতিয়ে দেখা হচ্ছে।
ব্যালন ডি’অর অনুষ্ঠানের রাতেও বিতর্ক তৈরি হয়েছিল। লন্ডনের প্যালাডিয়ামে পুরস্কার বিতরণী শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ব্যালন ডি’অরের সরকারি ওয়েবসাইটে ভুলবশত কয়েকজন মনোনীত খেলোয়াড়কে বিজয়ী ঘোষণা করে লেখা প্রকাশিত হয়েছিল। এতে ফলের গোপনীয়তা রক্ষার ব্যবস্থা নিয়ে নতুন প্রশ্ন ওঠে।
ফ্রান্স ফুটবল জানিয়েছে, পুরস্কারের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। একজন মুখপাত্রের ভাষ্য, বিজয়ী নির্বাচন করা হয় স্বাধীন ভোটের মাধ্যমে। ফল ফাঁস ও সম্ভাব্য জালিয়াতিপূর্ণ বাজির অভিযোগকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয় বলেও জানিয়েছে সংস্থাটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









