প্রায় ৭০ গজ দূর থেকে আর্দা গুলারের অসাধারণ গোলের সাথে ফেডে ভালভার্দের আরেকটি দারুণ শটে শনিবার লা লিগায় রিয়াল মাদ্রিদ এলচেকে হারিয়েছে ৪-১ গোলে। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা দলটি লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এক পয়েন্টে নিয়ে এসেছে।
শনিবার রাতে লা লিগার ম্যাচে এলচের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ৩৯ মিনিটে রুডিগারের গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন উরুগুইয়ান তারকা ফেডে ভালভার্দে।
৬৬ মিনিটে ডিন হুইসেনের হেডে জয় নিশ্চিত হয়ে গেলেও ম্যাচের সব আলো কেড়ে নেন তুর্কি বিস্ময় বালক আর্দা গুলার। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে মাঝমাঠ থেকে প্রায় ৭০ গজ দূর দিয়ে বল জালে পাঠিয়ে গ্যালারিতে উন্মাদনা সৃষ্টি করেন তিনি।
রাতের সেরা গোলটি করেন তুর্কি প্লেমেকার গুলার। ম্যাচের শেষ দিকে তিনি লক্ষ্য করেন এলচের গোলরক্ষক মাতিয়াস দিতুরো তার লাইনের বাইরে দাঁড়িয়ে আছেন, তখন তিনি প্রায় মাঝমাঠের কাছ থেকে বল জালে পাঠান।
রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ বলেন, ‘গুলার আগের এক ম্যাচে এখান থেকে শট নিয়ে বারে লাগিয়েছিল, আর আজ সে সফল হয়েছে- কী দারুণ গোল! সবাই অবাক হয়ে মাথায় হাত দিয়েছে, এমন গোল দেখার জন্য টিকিট কিনলেও সার্থক।’
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখে বিরতির পর আরবেলোয়া কয়েকজন মূল খেলোয়াড়কে বিশ্রাম দেন, যার মধ্যে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র ও ভালভার্দে। তাদের পরিবর্তে তরুণ কয়েকজন খেলোয়াড়কে নামানো হয়।
রিয়াল মাদ্রিদ এখনও জুড বেলিংহামসহ কয়েকজন চোট পাওয়া তারকাকে ছাড়াই খেলছে, তবে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে হাঁটুর চোট কাটিয়ে আগামী সপ্তাহে ফিরতে পারেন।
১৭তম স্থানে থাকা এলচে টানা ১১টি লিগ ম্যাচে জয়বিহীন রয়েছে। সপ্তাহ শেষে তারা রেলিগেশন জোনে নেমে যেতে পারে।
এদিকে অন্য ম্যাচে রিয়াল ওভিয়েদো ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়ে বিরল এক জয় পেলেও এখনও টেবিলের তলানিতেই আছে। আর জিরোনা অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









