শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

৩০ বছর পর আফ্রিদির রেকর্ড ভাঙলেন উতাগাশিমানিন্দে

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১২:২০ পিএম

আপডেট: ২২ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম

৩০ বছর পর আফ্রিদির রেকর্ড ভাঙলেন উতাগাশিমানিন্দে

মাত্র ১৬ বছর বয়সে সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে শতরানের রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের হার্ড  হিটার শহিদ আফ্রিদি। অবশেষে প্রায় ৩০ বছর পর রেকর্ডটি ভেঙে দিয়েছেন রুয়ান্ডার ব্যাটার ফ্যানি উতাগাশিমানিন্দে। অভিষেক ম্যাচের এই সেঞ্চুরিতে বেশ কয়েকটি বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি।

নাইজেরিয়া আমন্ত্রণমূলক উইমেন’স টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শুক্রবার ঘানার বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে ১৭ বাউন্ডারিতে ৬৫ বলে ১১১ রানে ইনিংস খেলে অপরাজিত রয়ে যান উতাগাশিমানিন্দে। স্বীকৃত ক্রিকেটেই এটি ছিল তার প্রথম ম্যাচ।

১৫ বছর ২২৪ দিন বয়সে তোলপাড় ফেলে দেন রেকর্ড বইয়ে। নারী-পুরুষ মিলিয়ে এই প্রথম ১৫ বছর বয়সী কারও শতরান দেখল আন্তর্জাতিক ক্রিকেট।

১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নাইরোবিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ৫০ বলে ১০২ রানের ইনিংসটি খেলার দিন আফ্রিদির বয়স ছিল ১৬ বছর ২১৭ দিন। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানি এই অলরাউন্ডারের দ্বিতীয় ম্যাচ আর প্রথম ইনিংস ছিল সেটি। সেদিন ৩৭ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন তিনি। দ্রুততম শতরানের সেই রেকর্ড অতীত হয়ে গেছে বেশ আগেই। এবার বয়সের রেকর্ডও ভেঙে গেল।

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে আগের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন আয়ার‌ল্যান্ডের অ্যামি হান্টার। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে হারারেতে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেছিলেন তিনি ১৬তম জন্মদিনে।

মেয়েদের টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির আগের রেকর্ড ছিল উগান্ডার প্রসোকোভিয়া আলাকোর। ২০১৯ সালে মালির বিপক্ষে ৭১ বলে ১১৬ রান করেছিলেন তিনি ১৬ বছর ২৩৩ দিন বয়সে।

আরেকটি অনন্য কীর্তিও গড়েছেন উতাগাশিমানিন্দে। নারী টি-টোয়েন্টি অভিষেকে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তিনিই। প্রথম ম্যাচে আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল কারেন রোল্টনের। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টন্টনে ৫০ বলে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এই অস্ট্রেলিয়ান গ্রেট।

নাইজেরিয়ার লাগোসে শুক্রবার উতাগাশিমানিন্দের সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রান তোলে রুয়ান্ডা। জবাবে ২০ ওভারে ৮৮ রান করে থামে ঘানার ইনিংস।

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.