বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে পূর্বনির্ধারিত সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে। যদিও সিরিজটি স্থগিত হয়েছিল তবে এবার তা মাঠে গড়াতে যাচ্ছে।
রবিবার (২২ মার্চ) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এই তথ্য জানিয়েছে।
২০২৫ সালে স্থগিত হওয়া ভারত-বাংলাদেশ সিরিজটি চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোতে আয়োজন করতে চায় বিসিবি। সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় দলের।
বিসিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ভারত সিরিজের এই নতুন সূচির কারণেই আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে সফর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় বিসিবি।
বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আয়ারল্যান্ডকে আমরা অন্য কোনো সময়ে সিরিজটি আয়োজনের অনুরোধ করেছিলাম, কিন্তু তাদের ব্যস্ত সূচির কারণে তা সম্ভব হচ্ছে না। আশা করছি, ২০২৭ সালে এই সফরের জন্য নতুন একটি সময় খুঁজে পাওয়া যাবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









