জমজমাট লড়াইয়ে ভুটানকে পরাজিত করে এশিয়া কাপ আর্চারির কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে পদকও নিশ্চিত করেছে লাল-সবুজের দল। ব্যাংককে অনুষ্ঠিত আর্চারি এশিয়া কাপের সেমিফাইনালে বুধবার ভুটানকে ২৩২-২২৮ পয়েন্টে হারায় বাংলাদেশ। দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ।
ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। প্রথম তিন সেটে যথাক্রমে ৬০-৫৭, ৫৯-৫৮ এবং ৫৭-৫৬ পয়েন্টে এগিয়ে থেকে ফাইনালের পথে বড় সুবিধা নেয় দলটি। শেষ সেটে ভুটান ৫৭-৫৬ ব্যবধানে জিতলেও তা ম্যাচের ফল বদলাতে পারেনি।
ফাইনালে সোনা জয়ের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম। সেমিফাইনালে তারা হাড্ডাহাড্ডি ম্যাচে ভারতকে ১৩৪-১৩৩ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।
এর আগে কম্পাউন্ড বিভাগে ২০২১ সালে গুয়াংজুতে অনুষ্ঠিত আর্চারি এশিয়া কাপ এ রুপা জিতেছিল বাংলাদেশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









