রোহিত শর্মা প্রমাণ করলেন, এখনও ফুরিয়ে যাননি তিনি। আগামী মাসেই ৩৯ বছরে পা দিতে যাওয়া এই অভিজ্ঞ ব্যাটার দেখালেন, রানের ক্ষুধা ও স্কিল—দুটোই এখনও তারুণ্যের মতো অটুট। একদিন আগেই বিরাট কোহলির দুর্দান্ত ইনিংসের রেশ কাটতে না কাটতেই আইপিএলের বাইশ গজে ঝড় তুললেন রোহিত।
রবিবার (২৯ মার্চ) রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে করকাতা নাইট রাইডার্সের ২২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ৬ উইকেটের বড় জয় তুলে নেয়। এই জয়ের কারিগর ছিলেন সাবেক অধিনায়ক রোহিত শর্মা, যিনি ৩৮ বলে ৭৮ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন।
একসময় মুম্বাইকে ৫টি শিরোপা এনে দেওয়া এই সাবেক অধিনায়ক ২০২৪ মৌসুমের আগে দায়িত্ব ছেড়েছেন হার্দিক পান্ডিয়ার কাছে। তবে নেতৃত্ব না থাকলেও ব্যাট হাতে তার প্রভাব এতটুকু কমেনি।
কোহলির মতোই এখন রোহিতও জাতীয় দলে সীমিত ফরম্যাটে খেলছেন। কিন্তু আইপিএলের মঞ্চে তিনি যেন নতুন উদ্যমে নিজেকে প্রমাণ করতে নেমেছেন- তিনি এখনও ম্যাচ জেতাতে পারেন।
ম্যাচ শেষে কোচ মাহেলা জয়াবর্ধনে বলেন, “রোহিত এখন অনেকটা মুক্তভাবে খেলছে। অধিনায়ক না থাকায় তার ওপর চাপও কম। ফলে সে আরও শান্তভাবে চিন্তা করতে পারছে।”
তিনি আরও যোগ করেন, “অভিজ্ঞ খেলোয়াড়দের ক্ষেত্রে এমনটা হয়। অনুশীলন কম করলেও তাদের মাংসপেশির স্মৃতি কাজ করে। তারা বুঝে যায় বোলার কী করতে চাইছে। সেই জায়গা থেকে যে স্বাধীনতা আসে, সেটাই এখন রোহিতের খেলায় স্পষ্ট।”
নতুন মৌসুমের আগে নিজেকে আরও ফিট করে তুলেছেন রোহিত। দলে সবার আগে যোগ দিয়ে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলেছেন। তারই ফল মিলল মাঠে। এই ইনিংসটি ছিল আইপিএলে তার ৫০তম ৫০-এর বেশি রানের ইনিংস।
জয়াবর্ধনে বলেন, “আমরা ওর জন্য আলাদা প্রস্তুতির ব্যবস্থা করেছি। সে যেভাবে ব্যাট করছিল, তাতে আমরা খুবই সন্তুষ্ট। আজ সে অসাধারণ খেলেছে।”
এর আগের দিনই কোহলির অপরাজিত অর্ধশতকে ভর করে সানরাইজার্স হায়দরাবাদকে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









