বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে মাঠের লড়াই শুরুর আগেই সমর্থকদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে টিকিটের দাম। ফিফা আবারও টিকিট বিক্রি শুরু করলে ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম বাড়িয়ে ১০ হাজার ৯৯০ ডলার নির্ধারণ করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৩ লাখ টাকা!
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত হওয়ার পরই শুরু হয়েছে বিশ্বকাপের সর্বশেষ টিকিট বিক্রির উইন্ডো। গত উইন্ডোর তুলনায় বুধবার শুরু হওয়া বিক্রয় উইন্ডোতে ১০৪ ম্যাচের মধ্যে ৪০টির টিকিটের দাম বেড়েছে।
গত ডিসেম্বরে ড্রয়ের পর যখন টিকিট বিক্রি হয়েছিল, তখন ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার। পরে তা বাড়িয়ে ১০ হাজার ৯৯০ ডলার নির্ধারণ করেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই ফাইনাল ম্যাচের ‘ক্যাটাগরি ২’ টিকিটের দাম ৫ হাজার ৫৭৫ ডলার থেকে বাড়িয়ে ৭ হাজার ৩৮০ ডলার ও ‘ক্যাটাগরি ৩’-র দাম ৪ হাজার ১৮৫ ডলার থেকে বাড়িয়ে ৫ হাজার ৭৮৫ ডলার করা হয়েছে।
নকআউট পর্বের বেশিরভাগ ম্যাচের দামও বেড়েছে। টুর্নামেন্টের দুইটি সেমি-ফাইনালের টিকেটের দাম ৩ হাজার ২৯৫ ডলার থেকে বেড়ে এই উইন্ডোতে ৩ হাজার ৭১০ ডলার পর্যন্ত হয়েছে।
১১ জুন মেক্সিকো বনাম সৌদি আরবের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ডিসেম্বরের ২ হাজার ৩৫৫ ডলার থেকে বেড়ে ২ হাজার ৯৮৫ ডলার হয়েছে। দাম বেড়েছে ১২ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার প্রথম ম্যাচের টিকিটেরও।
নির্দিষ্ট ঘোষণা ছাড়াই টিকিটগুলো ছাড়ায় ক্রেতাদের ঘণ্টার পর ঘণ্টা ফিফার সাইটে অনুসন্ধান করতে হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে সঠিক লিংকে অনেকেই প্রবেশ করতে পারেননি, যদিও পরে ফিফা জানায় ত্রুটি সারিয়ে ফেলা হয়েছে।
তবে ১০৪টি ম্যাচের সব টিকিট একসঙ্গে ছাড়া হয়নি। টুর্নামেন্ট চলাকালীন পর্যায়ক্রমে আরও টিকিট ছাড়া হবে বলে জানিয়েছে ফিফা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো ডায়নামিক প্রাইসিং মডেলে টিকিট বিক্রি করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এর ফলে চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়বে বা কমবে। নতুন এই পদ্ধতি গ্রহণ করার ফলে শুরু থেকেই তীব্র সমালোচনার মুখে রয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









