বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন গঠিত অ্যাডহক কমিটিকে আগামী ৬ জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করার নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে এনএসসি আনুষ্ঠানিকভাবে বিসিবির অ্যাডহক কমিটির প্রজ্ঞাপন দেয় এবং আগের কমিটি ভেঙে দেয়। প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে উল্লেখ করেছে, তিন মাস অর্থ্যাৎ ৬ জুলাইয়ের মধ্যে নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
ক্রিকেট বোর্ডের বিদ্যমান নির্বাহী কমিটির নির্বাচন বিষয়ে গঠিত তদন্ত কমিটি কর্তৃক নির্বাচনে অনিয়ম উদঘাটিত হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২১ মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিদ্যমান নির্বাহী কমিটি ভেঙে দেয়।
মঙ্গলবার বিকেলে দায়িত্ব পেয়ে রাতেই একটি বৈঠক করেছেন তামিম ইকবালরা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির নতুন সভাপতি তামিম সুন্দর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। সঙ্গে নিজেও নির্বাচন করবেন সেই ঘোষণাও দিয়েছেন। এছাড়া আগ্রহী সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বানও করেছেন তিনি।
তামিম বলেন, ‘অবশ্যই নির্বাচন করব। আপনি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করতে পারেন। আমার ইচ্ছা আছে। আবার উনাদের ইচ্ছা থাকতে পারে উনারাও করতে পারেন। আবার নাও থাকতে পারেন। যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে শুধু আমরা না, যারা যারা আগ্রহী আমি সবাইকে অনুরোধ করবো সবাই যেন অংশগ্রহণ করেন।’
তিনি আরও বলেন, ‘একটা বোর্ডের নির্বাচন হবে। যারা যারা আছেন বোর্ডের ক্রিকেটার্স, সংগঠক প্রত্যেকে। প্রত্যেকের অংশগ্রহণ করা উচিত। আমরা সুন্দর একটি পরিবেশ তৈরি করে দেব যেন সবাই এসে নির্বাচন করতে পারবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









