রুবেন আমোরিম অধ্যায়ের পর ওল্ড ট্রাফোর্ডে কে বসবেন এই প্রশ্নের উত্তর মিলেছে। ম্যানচেস্টার ইউনাইটেড অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে সাবেক মিডফিল্ডার মাইকেল ক্যারিককে। ২০২৫–২৬ মৌসুমের শেষ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন ৪৪ বছর বয়সী ক্যারিক।
ওলে গুনার সুলশারের ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষ আস্থা রেখেছে ক্যারিকের ওপর। দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদন অনুযায়ী, তাঁর সঙ্গে ইউনাইটেডের নীতিগত চুক্তি হয়েছে এবং পছন্দমতো কোচিং স্টাফ বাছাইয়ের সুযোগও পাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ডার্বিতেই কোচ হিসেবে অভিষেক হবে ক্যারিকের।
৫ জানুয়ারি আমোরিমকে বরখাস্ত করার পর থেকে কোচ খুঁজছিল ইউনাইটেড। শেষ পর্যন্ত মালিক প্রতিষ্ঠান আইএনইওএসের প্রধান স্যার জিম র্যাটক্লিফ ক্যারিকের নামেই সম্মতি দেন। ড্যারেন ফ্লেচারের কাছ থেকে অন্তর্বর্তী দায়িত্ব বুঝে নিচ্ছেন তিনি।
খেলোয়াড় হিসেবে ১২ বছরে ইউনাইটেডের জার্সিতে ৪৬৪ ম্যাচ খেলা ক্যারিক জিতেছেন পাঁচটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ। কোচিংয়েও তিনি অভিজ্ঞ মরিনিও ও সুলশারের সহকারী ছিলেন, পরে মিডলসবরোকে কোচিং করান।
ক্যারিক দায়িত্ব নিচ্ছেন কঠিন সময়ে। শেষ দুই ম্যাচে জয় পায়নি ইউনাইটেড, এফএ কাপ থেকেও বিদায় নিয়েছে। অভিষেক ম্যাচেই তাঁর সামনে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি, এরপর শীর্ষে থাকা আর্সেনাল। সপ্তম স্থানে থাকা ইউনাইটেড কি ক্যারিকের হাত ধরে ঘুরে দাঁড়াতে পারবে,তা সময়ই বলবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









