বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি

প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৬:২৩ পিএম

আপডেট: ০৭ মে ২০২৬, ০৬:২৩ পিএম

বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় রুদ্ধশ্বাস এক লড়াই শেষে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে গেল পিএসজি। বায়ার্ন মিউনিখের মাঠে ১-১ গোলে ড্র করেও দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে থেকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে লুইস এনরিকের দল।

প্রথম লেগের সেই অবিশ্বাস্য ৫-৪ গোলের জয়ই মূলত বুদাপেস্টের টিকিট এনে দিল প্যারিসিয়ানদের।

দ্বিতীয় লেগেও আক্রমণাত্মক শুরু করে ফরাসি জায়ান্টরা। ম্যাচের মাত্র ৩ মিনিটেই এগিয়ে যায় তারা। বাঁ দিক দিয়ে দুরন্ত গতিতে উঠে আসা খভিচা কাভারাতস্কেলিয়া বক্সে থাকা উসমান দেম্বেলের দিকে বল বাড়ান। কোনো ভুল না করে জোরালো শটে জাল কাঁপান ফরাসি ফরোয়ার্ড।

শুরুর সেই গোলেই ব্যবধান আরও কঠিন হয়ে যায় বায়ার্নের জন্য। তবে বায়ার্ন সময়ের সাথে সাথে মাঝমাঠ ও আক্রমণে চাপ বাড়ালেও আগের ম্যাচের মতো ধারালো হয়ে উঠতে পারেনি তারা।

প্রথমার্ধের মাঝামাঝি সময় পেনাল্টির জোরালো দাবি তোলে বায়ার্ন। গোলরক্ষক মাতভেই সাফোনভের দুর্বল পাঞ্চের পর ভিতিনিয়ার ক্লিয়ারেন্স গিয়ে লাগে সতীর্থ জোয়াও নেভেসের হাতে। যদিও বলটি সতীর্থের পা থেকেই আসায় হ্যান্ডবলের সিদ্ধান্ত দেননি রেফারি। এতে ক্ষোভে ফেটে পড়ে স্বাগতিক শিবির।

ম্যাচ যখন প্রায় শেষ, তখন অতিরিক্ত সময়ের ৪র্থ মিনিটে হ্যারি কেইনের গোলে কিছুটা উত্তেজনা ফেরে। বক্সের ভেতরে জায়গা পেয়ে শক্ত শটে গোল করেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আরেকটি নাটকীয় প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ হয়নি বায়ার্নের।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠে পিএসজি শিবির। টানা চাপ, দারুণ আক্রমণ আর ঠান্ডা মাথার ফুটবলে শেষ পর্যন্ত ফাইনালের মঞ্চে জায়গা করে নিল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।

৩০ মে বুদাপেস্টে ইউরোপসেরার মুকুটের জন্য মুখোমুখি হবে দুই দল আর্সেনাল ও পিএসজি।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.