বিপিএল শেষ হওয়ার চার মাস হলেও এ নিয়ে আলোচনার রেশ এখনো কাটেনি। বিপিএলের মালিকানা, আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও কোনো চুক্তি ছাড়াই ফ্র্যাঞ্চাইজিদের খেলতে দেওয়া নিয়ে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সমালোচনা করেছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, ‘‘দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয় নাই। এটাকে কী আপনি শুধু ভুল বলবেন? অবশ্যই, জবাবদিহিতা করতে হবে।’’
তামিম ইকবাল বলেন, ‘‘তাহলে উনাকে (আমিনুল ইসলাম বুলবুল) জবাবদিহিতা করতে হবে। সে কী কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নিয়েছেন। একটা দলকে ফ্র্যাঞ্চাইজি নিতে না করেছে তাও কেন দিয়েছে। এসবের উত্তর দিতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আপনি ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি। কেউ যদি ভুল করে থাকে তাকে জবাবদিহিতা করতে হবে। সে যেই হোক। আমি যদি এখন কোনো ভুল করে যাই তাহলে আমাকেও জবাবদিহিতা করতে হবে।’’
শেষ বিপিএলে কত টাকা লস হয়েছে সে বিষয়ে তামিম বলেন, ‘‘পুরোপুরি নিশ্চিত না আমি, তবে গত বিপিএলে ১৪-১৬ কোটি টাকা লস হতে পারে। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে আপনি কালকে সকালে ঘুম থেকে উঠেও ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবেন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









