বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্য দুই সদস্য গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক এবং সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।
বুধবার (১৩ মে) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তিন সদস্যের এই কমিশনই বিসিবি নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া ও আইনি বিষয়গুলো তদারক করবেন।
এই কমিশনে দুজন বিসিবি ও একজন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে কমিশনার হয়েছেন। পরিচালনা পর্ষদের নির্বাচনের তারিখ এখনো ঠিক না হলেও এরই মধ্যে কাউন্সিলরদের তালিকা চেয়ে চিঠি দিয়েছে বিসিবি।
গত বছর অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদে ২৫ পরিচালক মনোনীত হন। তাদের ভোটে সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। তবে ওই নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত ৭ এপ্রিল আমিনুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।
সেদিনই জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। তাদের তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতাও দেয় এনএসসি। কিছুদিন আগে তামিম জানান, জুনের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে হতে পারে নির্বাচন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









