বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ নবম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমণ্ডলীয় গুণমান সূচকে ১৬৩ স্কোর নিয়ে ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে ২১১ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।
বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি, যার স্কোর ২০৫। ২০১ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। তালিকার চতুর্থ স্থানে ১৯৩ স্কোর নিয়ে অবস্থান করছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ১৭৬ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ভারতের শহর মুম্বাই।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









