অনেকের কাছে সংসদের চাইতে রাজপথ বেশি পছন্দের বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই বিপ্লবের ওপর আলোকচিত্র প্রদর্শনীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ (বিপিএ) ও ’আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠান আয়োজন করা হয়। ৩ দিনের এ প্রদর্শনী চলবে সকাল থেকে বিকাল পর্যন্ত। এ আয়োজন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
জহির বলেন, ’আমরা খেয়াল করেছি, পার্লামেন্টের চাইতে রাজপথকেই অনেকের বেশি পছন্দ। আমরা খেয়াল করেছি, পার্লামেন্টের ছোটখাট নাটককে রাজপথে এনে আরো বেশি ওটাকে বাষ্প দিয়ে দেন—সোশাল মিডিয়াতে নানান রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে।’
তিনি বলেন, ’এ কথা মনে করার কোনো কারণ নাই তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না। একথা ঠিক—আমরা বুঝি বলেই কিন্তু আমরা দায়িত্বশীল আচরণ করি, আমরা বুঝি বলেই কিন্তু আমরা অভিভাবকের ভাষায় কথা বলি, আমরা বুঝি বলেই কিন্তু আমাদেরকে গঠনমূলক সমাধানের কথা চিন্তা করতে হয়।’ তিনি আরো বলেন, ’কেবলমাত্র প্রতিক্রিয়াধর্মী উত্তেজনাকর অশ্লীল বক্তব্য এবং সোশাল মিডিয়াতে এ ধরনের একটা দূষিত পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমরা আমাদের দায়িত্বকে নিয়োজিত করতে পারি না। বিশেষ করে জনগণ যখন আমাদের রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব দিয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে শহীদ জিয়া-খালেদা জিয়ার ধারাবাহিকতার রিলে রেসের দণ্ডটি দিয়েছে, তখন আমাদেরকে এ দায়িত্ব অবশ্যই পালন করতে হবে।’ দেশ গড়ার কাজে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জহির বলেন, ’ফ্যাসিবাদ উৎপাতের পর্ব শেষ; এখন আমাদের দেশ গড়ার পালা। যারা তখনো চক্রান্ত ষড়যন্ত্র করেছিল অথবা কেবলমাত্র কৈশোরের বিভ্রান্তিতে ছিল- তারা এখন দেশ গড়ার কাজে, গঠনমূলক কাজে তারা মন দিতে চায় না। আন্দোলন করা কারো কারো জন্য পেশা হতে পারে। কিন্তু আমাদের জন্য তা কেবলমাত্রই ভোটাধিকার গণতান্ত্রিক চেতনা এবং একটি স্বাধীন স্বনির্ভর সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ। সেই আন্দোলনকে আমরা সমাপ্ত করেছি। এখন আমাদের কাজ হল দেশ গড়ার দায়িত্ব। যারা সমস্যা তৈরি করবেন, আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব। কিন্তু আঙ্গুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে সরকারকে তো অবশ্যই তা করতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করব শান্তিপূর্ণভাবে এই বিষয়গুলিকে সমাধান করতে।’
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বলেন, ’আমাদের নেতা তারেক রহমান আজ পর্যন্ত কিন্তু কোনো আত্মকেন্দ্রিক ব্যাখ্যা আন্দোলন সম্পর্কে দেন নাই। এই কৃতিত্ব জনগণের। বরঞ্চ তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে যখন আন্দোলনের প্রধান সেনাপতির দায়িত্ব নিয়েছেন হাজার মাইল দূর থেকে, তিনি ধীরে ধীরে ধীরে ধীরে আন্দোলনকে বিভিন্ন পর্বে প্রবেশ করেছেন। শুরুতেই তিনি বলেছেন, ‘দেশে যখন সংগ্রাম আন্দোলন চলে তখন তরুণদেরকে, দেশের সংগ্রামী মানুষদেরকে, আমাদেরকে সাহস দেওয়ার জন্য স্লোগান তুলেছিলেন, ‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমি বাংলাদেশ’।
এই স্লোগানকে সম্বল করে যখন রাজপথের চিতিয়ে যাওয়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আবার জাগ্রত হয়েছে, সেই আন্দোলনকে আবার একটি পর্যায় নিয়ে আমাদের নেতা আমাদেরকে আরো উৎসাহ দিয়েছেন—‘দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’। আন্দোলন আরো বেগবান হয়েছে এবং অবশেষে ৫ অগাস্ট রাজপথেই ফায়সালা হয়েছে এবং রাজপথে ফায়সালা হওয়ার দিন প্রমাণ হয়েছে, ‘বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের দিন শেষ’।” আমরা সেদিন জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করতে শুরু করলামৃ ৫ অগাস্টের পর থেকে জাতীয় নির্বাচনকে নিয়ে নানান চক্রান্ত ষড়যন্ত্র। আবার সেই একই দৃশ্য জনগণের ভোটের ক্ষমতা জনগণকে না দেয়ার জন্য নানান মহলের নানান চক্রান্ত। খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছিলামৃরাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা পর্যন্ত জাতীয় নির্বাচনের বিরুদ্ধে চলে গিয়ে কথা বলেছিলেন।’
’আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ’ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’-এর (এফজেইউ) মহাসচিব কাদের গনি চৌধুরী, ’জাতীয় প্রেস ক্লাব’-এর সভাপতি হাসান হাফিজ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, প্রধানমন্ত্রীর বার্তা উপ-সচিব জাহিদুল ইসলাম রনি, ‘সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট্র’-এর ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, ’ভিআইপি মোটর্স’-এর ব্যবস্থাপনা পরিচালক ভাস্কর নাজম, বিপিজের সভাপতি কে এম মহসিন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









