রাশিয়ার রাজধানী মস্কোতে একটি ক্যাফের কাছে বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।
শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় রাত প্রায় ৮টার দিকে মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত স্তালিন আমলের বহুতল ভবনের নিচতলায় থাকা বালজি রসি রেস্তোরাঁর কাছে এ বিস্ফোরণ ঘটে।
মস্কো পুলিশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে জানিয়েছে, বিস্ফোরণে ‘তিনজনের মৃত্যু হয়েছে ও বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন ১৫ জন’। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। তবে বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
রাশিয়ান গণমাধ্যম জানিয়েছে, বালজি রোসি রেস্তোরাঁর কাছে বিস্ফোরণ ঘটেছে। সশস্ত্র নিরাপত্তা বাহিনী রেস্তোরাঁটির চারপাশের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। বাজা টেলিগ্রাম চ্যানেলও জানিয়েছে, ক্যাফের রান্নাঘরে গ্যাস বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে।
তবে টেলিগ্রাম মনিটরিং চ্যানেল আস্ট্রা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণের কাছাকাছি এলাকায় এক জেনারেলের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং কর্তৃপক্ষও তা নিশ্চিত করেনি।
ঘটনাস্থলে পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী ও জরুরি সেবাকর্মীদের মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাশিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্কয়ারের কাছে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বারিকাদনয়া মেট্রো স্টেশনের প্রবেশপথগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র: এপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









