উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘এদিন’-এর অর্ধবার্ষিকী। দীর্ঘ ছয় মাসের পথচলা পেরিয়ে সপ্তম মাসে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেক কাটা এবং প্রীতি মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেন পত্রিকাটির সাংবাদিক, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা। এছাড়া এই ছয়মাসের পথ চলায় যারা স্ব স্ব ক্ষেত্রে অবদান রেখেছেন তাদেরকে ক্রেস্ট প্রধান করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কেক কাটা পর্ব। কেক কেটে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন নর্থ সাউথ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঢালিউড কুইন অপু বিশ্বাস।
এসময় ‘এদিন’পত্রিকার নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, প্রকাশক ও নর্থ সাউথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী, উপ সম্পাদক মাহবুব কবীরসহ আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ। এ সময় পুরো মিলনায়তন মুখরিত হয়ে ওঠে করতালি ও শুভেচ্ছা স্লোগানে। অনুষ্ঠানে পত্রিকাটির বিভিন্ন বিভাগের সাংবাদিক, কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেক কাটা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে চিত্র নায়িকা অপু বিশ্বাস বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই ‘এদিন’ পত্রিকা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করেছে। প্রতিকূলতার মধ্যেও পাঠকের অধিকার ও সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে পত্রিকাটি সংবাদমাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমাদের বিশ্বাস।’
নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক বলেন, ডিজিটাল এই সময়ে প্রিন্ট ও অনলাইন মিডিয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করে ‘এদিন’যেভাবে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে, তা প্রশংসনীয়। পত্রিকাটির রিপোর্টার, সম্পাদকীয় পর্ষদ এবং নেপথ্যের কারিগরদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকের এই সাফল্য এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









