অভিনেতা রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ মুক্তির আগে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে বিশেষ প্রদর্শনের দাবি জানিয়েছে শ্রী রামলীলা মহাসঙ্ঘ। সংগঠনটি বলেছে, তাদের সদস্যদের জন্য আগাম প্রদর্শনের ব্যবস্থা না করা হলে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের সামনে প্রতিবাদ করা হবে।
সংগঠনের সভাপতি অর্জুন কুমার সিনেমাটির নির্মাতাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। সেখানে তিনি মহাসঙ্ঘের প্রতিনিধিদলের জন্য বিশেষ স্ক্রিনিংয়ের দাবি করেছেন।
চিঠিতে তিনি এর আগে মুক্তি পাওয়া রামায়ণভিত্তিক সিনেমা ‘আদিপুরুষ’-এর বিতর্কের বিষয়টি উল্লেখ করেন। প্রভাস, কৃতি স্যানন ও সাইফ আলি খান অভিনীত ওই সিনেমাটি মুক্তির পর এর সেট, পোশাক এবং সংলাপ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।
রামলীলা মহাসঙ্ঘের দাবি, সনাতন ধর্মাবলম্বী এবং ঐতিহ্যবাহী রামলীলা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত অনেকেই ‘আদিপুরুষ’-এর কয়েকটি দৃশ্য নিয়ে আপত্তি তুলেছিলেন। বিশেষ করে লঙ্কাকে সোনালি না দেখিয়ে কালো রঙে উপস্থাপন করা এবং রাবণ ও তার বাহিনীর চিত্রায়ন নিয়ে সমালোচনা হয়েছিল বলে সংগঠনটি জানিয়েছে।
অর্জুন কুমার দাবি করেন, ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে তৈরি হওয়া বিতর্ক সিনেমাটির ব্যবসায়িক সাফল্যেও প্রভাব ফেলেছিল। তিনি আশঙ্কা প্রকাশ করেন, পরিচালক নিতেশ তিওয়ারির নতুন ‘রামায়ণ’ সিনেমাতেও এমন কিছু দৃশ্য বা সংলাপ থাকতে পারে, যা হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করতে পারে।
এ কারণে মুক্তির আগে বিশেষ প্রদর্শনের মাধ্যমে আপত্তিকর কোনো অংশ থাকলে তা চিহ্নিত করে বাদ দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে তারা সতর্ক করেছে, দাবি পূরণ না হলে অন্যান্য হিন্দু সংগঠনের সঙ্গে যৌথভাবে সিনেমা হলের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে অভিনয় করছেন রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, রবি দুবে, রাকুল প্রীত সিং, অরুণ গোভিল ও লারা দত্ত। সম্প্রতি সিনেমাটির প্রথম ট্রেলার প্রকাশ করা হয়েছে।
দুই পর্বে নির্মিত এই সিনেমার প্রথম অংশ চলতি বছরের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে আগামী বছর।
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









