‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবে সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশে একযোগে আয়োজিত এ কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি ফেনীর সোনাগাজী থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
ভূঞাপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস ছালাম পিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস ছালাম পিন্টু বলেন, “কৃষক কার্ড বর্তমান সরকারের একটি নির্বাচনী ওয়াদা। এই কার্ডের মাধ্যমে কৃষক আর্থিক সহায়তার পাশাপাশি কৃষিপণ্য উৎপাদন ও কৃষি উপকরণসহ কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন ধরনের সহায়তা পাবেন।”
অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে উপজেলার অলোয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ১ হাজার ৬২৫ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) লায়লা আঞ্জুমান বানু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. দুলাল উদ্দিন, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো. মঞ্জুরুল ইসলাম, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম এবং উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









