নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুনের ঘটনায় অসুস্থ ৩৫ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালটিতে আনা ৮৮ জন শিক্ষার্থীর মধ্যে বাকি ৫৩ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
গতকাল মঙ্গলবার রাতে তিনি জানান, ভর্তি থাকা শিক্ষার্থীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তা দিতে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।
এদিকে আগুনের কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ ও প্রাথমিক পর্যবেক্ষণ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আইসিইউতে থাকা চার শিক্ষার্থী হলেন-আজিজুল ইসলাম সিয়াম (১৪), ইউসুফ (২০), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)। তাদের মধ্যে সিয়ামের অবস্থা আশঙ্কাজনক। সুলতান মাহমুদ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেক শিক্ষার্থীর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে তাদের চিকিৎসা দিচ্ছেন।
সোমবার রাত দুইটার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় আগুন লাগে। এতে ওই তলায় থাকা লাইব্রেরি পুড়ে যায়। মাদ্রাসাটিতে এক হাজার ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করে, তাদের বেশিরভাগই আবাসিক। গভীর রাতে যখন আগুন লাগে তখন সবাই ঘুমে। আগুনে তৈরি ধোঁয়ায় তারা সাফোকেশনে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের ৮৮ জনকে বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয় আর অনেকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা জানায়, মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে।
ওই ভবনে প্রায় ২৫০ জন শিক্ষার্থী রাতে থাকত। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুন লাগার পরপরই বিদ্যুৎ চলে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় আগুনের ধোঁয়ায় সবাই অসুস্থ হয়ে পড়ে। পরে রাতেই তাদের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। কী কারণে আগুন লেগেছে, তারা জানে না।
‘আল্লাহ ছেলেকে তোমার পথে দিয়েছি, তুমিই রহম করো’
আগুনে অসুস্থ সিয়ামের অবস্থা এখনো আশঙ্কাজনক। ১৪ বছরের ছেলেটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন। গতকাল দুপুরে বাইরে দোয়া করছিলেন মা সোনিয়া আক্তার। তিনি বলছিলেন, ‘আল্লাহ, ছেলেকে তোমার পথে দিয়েছি, তোমার কিতাব পড়তে দিয়েছি। তুমিই রহম করো।’
হাসপাতালটির চতুর্থতলায় আইসিইউর সামনে থাকা মা সোনিয়া বলেন, ‘সিয়াম আমার একমাত্র সন্তান। প্রথম সন্তান হিসেবে কোরআনের হাফেজ বানাতে চেয়েছি। এজন্য বাড়ির পাশেই জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভর্তি করেছি। সিয়াম ১৪ বছর বয়সেই হাফেজ হয়েছে। আল্লাহর কিতাব পড়েছে। আল্লাহ তোমার কাছে দোয়া চাই, তোমার কিতাব পড়ছে, তুমি রহম করলে ছেলে সুস্থ হয়ে উঠবে।’
সোনিয়া আক্তার বলেন, তাঁদের বাড়ি থেকে মাদ্রাসার দুরত্ব দু–তিন মিনিটের। রাতে যখন আগুন লাগে, তখন তিনি ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে তাঁর ঘুম ভাঙে। এই মা বলেন, ‘আমার ছেলেকে আইসিইউতে রাখা হয়েছে। মুখে অক্সিজেন লাগিয়ে রেখেছে। সকালে একবার দেখে এসেছি। সিয়ামের বাবা সৌদি আরবে থাকেন। গত মাসের ৪ তারিখে তিনি আবার সেখানে চলে গেছেন। ছেলের খবর জানার জন্য বারবার ফোন দিচ্ছেন। আমি তাকে কী বলব বুঝতে পারছি না। ডাক্তাররা বলছেন, চিন্তা না করতে। কিন্তু মন তো মানে না। আল্লাহ, তুমি রহম করো।’
আহতদের চিকিৎসা বিনামূল্যে, ২ মেডিকেল বোর্ড
মাদ্রাসায় আগুনে আহত শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। একই সঙ্গে অর্ধশতাধিক শিক্ষার্থীর চিকিৎসায় দুটি মেডিকেল বোর্ড গঠনের কথা জানিয়েছেন তিনি। গতকাল দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে এসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘যারা আছেন, তাদেরকে পরিচর্যার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন এবং তাদের যত পরীক্ষা-নিরীক্ষা লাগছে ইনভেস্টিগেশন, সেগুলো সবকিছু ফ্রি করে দেওয়া হয়েছে।’এই মেডিকেল বোর্ডে ১৩-১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
এম এ মুহিত বলেন, ‘এই আগুনের ফলে তাদের শ্বাসনালীতে বড় ধরনের সমস্যা হয়েছে। তাদের শ্বাসকষ্ট হচ্ছিল এবং তাদের যে শ্বাসনালী সেখানেও কিছু ইনজুরি হয়েছে।’ তিনি বলেন, ‘মূলত মাদ্রাসাটি বহুতল একটা ভবন, সেখানে দোতলায় একটা লাইব্রেরি ছিল এবং প্রশাসনিক অংশটা ছিল। সেখানে থেকে আগুনের সূচনা। ফলে উপরতলাগুলোতে তিনতলায়, চারতলায় এই মাদ্রাসার ছাত্ররা ছিল। উপরের দিকে ধোঁয়া ব্যাপক আকারে যাওয়ায় তাদের শ্বাসনালীতে ধোঁয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়। আরেকটা জিনিস যেটা যে, তারা ভয়ার্তভাবে যখন ছুটাছুটি করে এবং যে মেন্টাল ট্রমা—এসব মিলিয়ে তারা আহত অবস্থায় হাসপাতালে আসে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা প্রথম থেকেই তাদের অত্যন্ত যত্ন সহকারে সঠিকভাবে চিকিৎসা দিয়েছেন। আমাদের ডাক্তাররা দুটি মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রত্যেকটা রোগীকে নিবিড় পরিচর্যায় যথাযথভাবে চিকিৎসা দিচ্ছেন। অনেকেই মোটামুটি রিকভার করছেন।
আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর বিষয়ে তিনি বলেন, ‘তাদেরকে আইসিইউ যথাযথভাবে দেখা হচ্ছে, তারাও রিকভার করবেন।’ এই ধরনের আগুনের ঘটনা ‘প্রায়ই ঘটে’ মন্তব্য করে তিনি এ বিষয়ে সবার সচেতন হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বার্ন ইনস্টিটিউটের বিশেষায়িত সেবা ঢাকার বাইরেও ‘বিকেন্দ্রীকরণ’ করার প্রয়োজনীয়তার কথাও বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত।
মাদ্রাসার আগুনের কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমি সর্বশেষ যেটুকু শুনেছি, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো বলা হয়নি। তবে যেটা ধারণা করা হচ্ছে যে ওইখানে এডমিনিস্ট্রেটিভ উইং এবং লাইব্রেরি ছিল, সেখানে সম্ভবত শটসার্কিট হয়ে থাকতে পারে।’
ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত শ্বাসনালি, শ্বাসকষ্টে দগ্ধরা
চিকিৎসকরা বলেছেন, অসুস্থদের কারো শরীরের কোথাও দগ্ধ হয়নি। তবে অনেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। চারজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাঁদের মধ্যে একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন জানিয়েছেন, গুরুতর রোগীদের অক্সিজেন স্যাচুরেশন ধরে রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত আসছে। পাশাপাশি শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।
তিনি বলেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে। এতে শরীরে অক্সিজেনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়। চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। তাদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তার চিকিৎসায় একজন পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজন রোগীর চোখও বার্নে আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে তাদের চিকিৎসা চলছে।
ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক বলেন, একজন সংকটাপন্ন রোগীর জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা হয়। ওই সভায় রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে মোট ৫৩ জনকে ছেড়ে দিয়ে ৩৫ জনকে হাসপাতালে রাখা হয়েছে। তিনি বলেন, কিছু রোগী আতঙ্কিত হয়ে (প্যানিক অ্যাটাক) অসুস্থ বোধ করায় হাসপাতালে এলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব
উদ্ধারকারীরা জানান, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন ও কাঁচপুর ব্রিজ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, মাদ্রাসার কোথাও অগ্নিনির্বাপণ যন্ত্র দেখা যায়নি। নিরাপত্তা ব্যবস্থাও ছিল না। তবে পাশেই পানির উৎস থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে তেমন বেগ পেতে হয়নি। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মাদ্রাসা কর্তৃপক্ষকে বলা হয়েছে। তারাও ইতিবাচক সাড়া দিয়েছেন।
জাতীয় বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে এসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুহিতও এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘ঘটনা ঘটে, আগুনের দুর্ঘটনা হয়; এটা তো আমাদের একটা সিস্টেমেটিক প্রবলেম। এটা শুধু যে এই মাদ্রাসাতে তাই নয়; মাদ্রাসা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, অনেক সময় দেখা যায় যে- স্টুডেন্টরা নিজেরা ভাড়া নিয়ে হোস্টেল বানিয়ে থাকে।’
তিনি বলেন, ‘আসলে একটা বিল্ডিং রেগুলেশনের ব্যাপার আছে, কী পারপাসে বিল্ডিংটা তৈরি হয় এবং কী পারপাসে ইউজ হয়। আমরা দেখেছি এর আগে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে আগুন লাগছে; ওগুলো কিন্তু হোটেল রেস্টুরেন্টের জন্য ডিজাইন করা না। আবাসিক ভবনগুলো বড় রাস্তার পাড়ে হলে আমরা এগুলাকে কমার্শিয়াল হিসেবে ইউজ করছি।’
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘একইভাবে মাদ্রাসার ওটাও হয়তো মাদ্রাসার জন্য ডিজাইন করা কোনো প্রতিষ্ঠান না। একটা বাসা-বাড়িকে বা ওরকম একটা বিল্ডিংকে কনভার্ট করা হয়েছে। এ বিষয়ে আমার মনে হয় যে বিল্ডিং রেগুলেশন এবং সিস্টেমেটিক যে পলিসি চেঞ্জগুলো আসা দরকার, সেগুলোর দিকে আমাদের মন দিতে হবে। সার্বিকভাবে আমাদের এই বিল্ডিংয়ের ব্যবহার এবং বিল্ডিং গড়ে তোলাটাকে আরো সুন্দরভাবে রেগুলেট করা দরকার।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









