চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খেজুরগাছে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার উথলী ইউনিয়নের সন্তোসপুর পার্কসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে কয়েকজন কৃষক কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় সন্তোসপুর পার্কের পাশে একটি খাদের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় মরদেহের পাশে নীল রঙের একটি আরটিআর মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে ছিল। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি খেজুরগাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
একতারপুর বাওড়ের নৈশপ্রহরী বুলু জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি বিকট শব্দ শুনতে পান। আশপাশে আলো ফেলে খোঁজাখুঁজি করেও কিছু দেখতে পাননি। এ সময় কোনো বড় যানবাহনও যেতে দেখেননি। পরে সকালে জানতে পারেন, গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।
নিহতের বাবা ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মোটরসাইকেলের পেট্রল কেনার কথা বলে বাড়ি থেকে বের হন রাসেল। এরপর আর বাড়িতে ফেরেননি। রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বুধবার সকালেও ছেলের ফোনে কল দেন। একপর্যায়ে অন্য একজন ফোন রিসিভ করে তাঁকে ছেলের মৃত্যুর খবর জানান। পরে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান তিনি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল নিয়ে গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









